ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘নির্বাচন নি‌য়ে অসত্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে টিআইবি’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৫, ১৮ জানুয়ারি ২০২৪  
‘নির্বাচন নি‌য়ে অসত্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে টিআইবি’

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টিআইবি অসত্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সংস্থা‌টির গবেষণা বৈজ্ঞানিক মিসকন্ডাক্টকে (অসদাচরণ) ছাড়িয়ে গেছে। 

তিনি বলেছেন, টিআইবির গবেষণা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হয়নি। যারা এ গবেষণা করেছে, তাদের গবেষণার অভিজ্ঞতা নেই।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। 

টিআইবি’র প্রতিবেদনকে ‘তথাকথিত গবেষণা’ আখ্যায়িত করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক কোনো জার্নাল এটা প্রকাশ করবে না। গোঁজামিলের গবেষণা এটি। জাতীয় স্বার্থে এই গবেষণা কোনো কাজে আসবে না।  

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, বাংলাদেশের সুশীল সমাজ সততা ও নিষ্ঠার সঙ্গে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ গবেষণা করে তার ফলাফল জনগণের সামনে তুলে ধরবে। টিআইবি যেটা করেছে, সেটা গবেষণা না, এটা তাদের মতামত।

মোহাম্মদ আলী আরাফাত বলেন, নির্বাচনে কিছু অনিয়ম হলে নির্বাচন কমিশন তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। যারা অনিয়ম করেছেন, তাদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে। অনিয়মের বিরুদ্ধে নির্বাচন কমিশনের শক্ত অবস্থানকে গুরুত্ব দেওয়া হয়নি। বরং মিথ্যা ছড়িয়ে তাদের মনোবল দুর্বল করার চেষ্টা করা হয়েছে।

এএএম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়