ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সম্পর্ক নয়, যোগ্যতার ভিত্তিতে বিনিয়োগের সিদ্ধান্ত নেবে সরকার: বশিরউদ্দীন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩১, ২৬ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৭:৩২, ২৬ জানুয়ারি ২০২৫
সম্পর্ক নয়, যোগ্যতার ভিত্তিতে বিনিয়োগের সিদ্ধান্ত নেবে সরকার: বশিরউদ্দীন

বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, “বাংলাদেশ জুট মিল কর্পোরেশন (বিজেএমসি) এবং বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশনের (বিটিএমসি) প্রায় ৪৫-৫০টির মতো প্রতিষ্ঠান রয়েছে। এগুলোকে পিপিপি (সরকারি-বেসরকারি অংশীদারত্ব) বা ইজারার মাধ্যমে উদ্যোক্তাদের দিতে চায় সরকার।”

ইতোমধ্যে গত ছয় মাসে তিনটি মিল হস্তান্তর হয়েছে, আরো কিছুর প্রক্রিয়া চলমান আছে জানিয়ে তিনি বলেন, “আমি সম্ভাব্য বিনিয়োগকারীদের বলতে চাই–এখন সরকার কোনো সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছে না, সিদ্ধান্ত নিবেন বিনিয়োগকারীর যোগ্যতা এবং প্রস্তাবের ভিত্তিতে। প্রতিষ্ঠানগুলোর রিসোর্স (সম্পদ) ব্যবহার করুন, নিজে ও দেশকে লাভবান করুন, অর্থনীতি ও কর্মসংস্থানে অবদান রাখুন।”

আরো পড়ুন:

রবিবার (২৬ জানুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে কুড়িগ্রাম টেক্সটাইল মিল লিজ (ইজারা) পদ্ধতিতে পরিচালনায় বিটিএমসি ও ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং (প্রা.) লি. মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এসব কথা বলেন।

শেখ বশিরউদ্দীন বিনিয়োগের জন্য ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং (প্রা.) লি. কে ধন্যবাদ জানিয়ে বলেন, “বিটিএমসি ও বিজেএমসির মিলগুলোতে পরিপূর্ণ অবকাঠামো আছে। কিছুটা সংস্কার করে নিলেই দ্রুত এর উৎপাদন শুরু হবে, লাভ করার সুযোগ হবে। ওপেন টেন্ডারের (উন্মুক্ত দরপত্রের) মাধ্যমে সততা, নিষ্ঠা ও দ্রুততার সাথে কাজগুলো করা হবে। বস্ত্র ও পাট মন্ত্রণালয় বিনিয়োগকারী খুঁজছে, ব্যবসায়ীরা সুযোগটা নিয়ে নিন।”

বিনিয়োগের বিভিন্ন সুবিধা তুলে ধরে বিনিয়োগের আহ্বান করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ। তিনি বলেন, “কুড়িগ্রামের উপযোগী কর্মসংস্থান ব্যবস্থা করলে জনসাধারণ উপকার পাবে। বন্ধ থাকা মিলগুলো পুনরায় চালুর জন্য মন্ত্রণালয় কাজ করছে।”

ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং (প্রা.) লি. ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদ বলেন, “কর্মসংস্থান বাড়াতে এবং জন ও পরিবেশবান্ধব শিল্প গড়ে তুলতে চাই-যেখানে কুড়িগ্রামবাসী উপকৃত হয়।”

এরপরে বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান এবং ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং (প্রা.) লি. ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদ এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান স্বাগত বক্তব্য রাখেন। এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুব্রত শিকদার, আরিফুর রহমান খান, মঈনুল ইসলাম, বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক মো. শহিদুল ইসলাম, বিটিএমসির সাবেক চেয়ারম্যান ব্রি. জে (অব.) মো. জিয়াউল হক, বিজেএমএ সম্পাদক আব্দুল বারিকসহ বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং অধীনস্থ দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঢাকা/এএএম/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়