ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কাতার-বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৩, ২৯ জানুয়ারি ২০২৫  
কাতার-বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

কাতার-বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রিয়াদে অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সের সাইডলাইনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল কাতারের শ্রমমন্ত্রী ড. আলি বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গে বৈঠক করেন।

আসিফ নজরুল কাতারে বাংলাদেশি শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদান এবং ফিফা বিশ্বকাপ-২০২২ সহ বিভিন্ন বৃহৎ অবকাঠামো প্রকল্পে তাদের ভূমিকার স্বীকৃতি প্রদান করায় কাতারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ড. নজরুল কাতার সরকারের শ্রম সংস্কারকে স্বাগত জানিয়ে শ্রমিকদের উন্নতির জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপন করেন, যার মধ্যে রয়েছে: শ্রমিকদের জন্য ব্যাপক বিমা কাভারেজ, যার মধ্যে প্রাকৃতিক মৃত্যু এবং আইনি জটিলতার ক্ষেত্রে আর্থিক সহায়তা অন্তর্ভুক্ত থাকবে, কাতারের ভিশন ২০৩০-এর আওতায় স্বাস্থ্যসেবা, প্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে দক্ষ পেশাজীবীদের নিয়োগ বৃদ্ধি ও বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর খরচ কমানো এবং আরো স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করা।

উপদেষ্টা আসিফ নজরুল বাংলাদেশে দক্ষতাভিত্তিক প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের মাধ্যমে শ্রম বাজারের আধুনিকায়নের জন্য কাতার শ্রমমন্ত্রীকে অনুরোধ জানান। এ ছাড়াও তিনি ১৯৮৮ সালের দ্বিপাক্ষিক শ্রম চুক্তির আওতায় ২০২৫ সালের প্রথম দিকে দোহায় সপ্তম যৌথ কমিটি সভা আয়োজনের প্রস্তাব দেন।

কাতারের শ্রমমন্ত্রী কাতারের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা করেন এবং প্রস্তাবগুলো পর্যালোচনা করার আশ্বাস দেন।

উপদেষ্টা আসিফ নজরুল এই সম্মেলনের সাইড লাইনে আগামীকাল সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও ওমানের শ্রমমন্ত্রীর সাথে বৈঠক করবেন বলে জানা যায়।

ঢাকা/হাসান/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়