ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশ থেকেই বিশ্বকে নেতৃত্ব দেবে শিক্ষার্থীরা: অধ্যাপক আবরার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৫, ৫ মার্চ ২০২৫   আপডেট: ২২:৩৯, ৫ মার্চ ২০২৫
বাংলাদেশ থেকেই বিশ্বকে নেতৃত্ব দেবে শিক্ষার্থীরা: অধ্যাপক আবরার

বুধবার বঙ্গভভনে শিক্ষা উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর সচিবালয়ে এসে মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অধ্যাপক সি আর আবরার। ছবি: পিআইডি

অন্তর্বর্তী সরকারের নতুন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বাংলাদেশে এমন শিক্ষাব্যবস্থার স্বপ্ন দেখেন, যেখানে শিক্ষার্থীরা ভবিষ্যতে বাংলাদেশ থেকেই বিশ্বকে নেতৃত্ব দেবে। 

তিনি বলেছেন, “আমাদের শিক্ষার্থীরা দেশের ভেতরেই তার ভবিষ্যত দেখতে পাবে আমি এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই। এটা হয়তো একদিনে হবে না, এক বছরে হবে না কিংবা ৫ বছরে হবে না। কিন্তু তার জন্য ভিত্তিটি তৈরি করে দেওয়া দরকার। এরই মধ্যে অনেক উদ্যোগ নেওয়া হয়েছে।”

বুধবার (৫ মার্চ) শিক্ষা উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর সচিবালয়ে এসে মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন অধ্যাপক আবরার।

এ সময় তিনি বলেন, “দেশে বড় রকমের একটা পরিবর্তন এসেছে। আমরা ভাবিনি আমাদের জীবদ্দশায় এভাবে মুক্তভাবে কথা বলতে পারব। প্রধান উপদেষ্টা যে আমাকে এই দায়িত্বটা দিয়েছেন, সেটা একটা বড় চ্যালেঞ্জ। প্রধান উপদেষ্টাও বলেছেন, সামনের জার্নিটা ইজি হবে না।”

“শিক্ষা একটা বিশাল জগৎ। আমরা সবাই জনগণের টাকায় বড় হয়েছি। সুতরাং জনগণের প্রতি আমাদের দায়িত্ববোধ আছে।”

এই ধরনের পরিসরে এসে বসার কথা জীবনেও ভাবেননি জানিয়ে অধ্যাপক আবরার বলেন, “আমি মনে করি, শিক্ষা হচ্ছে বৈষম্যহীন সমাজ গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন। আমি এমন এক শিক্ষা ব্যবস্থার কথা ভাবি, যা হবে ব্যক্তির কর্মদক্ষতা অর্জন, তার আত্মোন্নয়নের উপযুক্ত পথ।”

“যা হবে আর্থ-সামাজিক উন্নয়ন ও বিজ্ঞান প্রযুক্তিভিত্তিক উৎকর্ষের সহায়ক এবং যা হবে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মূল্যবোধ সম্পন্ন নাগরিক তৈরির উপায়,” যোগ করেন তিনি।

ঢাকা/নঈমুদ্দীন/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়