ভোটকেন্দ্রে প্রচারণামূলক পোশাক পরা যাবে না
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
নির্বাচনি আচরণবিধি অনুযায়ী ভোটকেন্দ্রে কোনো ধরনের প্রচারণামূলক পোশাক পরিধান করে প্রবেশ করা যাবে না। প্রার্থীর পক্ষে স্লোগান, প্রতীক বা প্রচারণামূলক বার্তা সংবলিত শার্ট, জ্যাকেট, ফতুয়া, ক্যাপ, ব্যাজ বা এ ধরনের কোনো সামগ্রী পরে ভোটকেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী, ভোটকেন্দ্রে কেবল নির্বাচনি কর্মকর্তা-কর্মচারী, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, নির্বাচনি এজেন্ট, পোলিং এজেন্ট, অনুমোদিত পর্যবেক্ষক এবং ভোটাররা প্রবেশ করতে পারবেন। অন্য কেউ ভোট প্রদানের উদ্দেশ্য ছাড়া কেন্দ্রের ভেতরে অবস্থান বা ঘোরাফেরা করতে পারবেন না।
এ ছাড়া রাজনৈতিক দলের কর্মী-সমর্থকেরাও ভোট দেওয়ার উদ্দেশ্য ছাড়া ভোটকেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ করতে পারবেন না বলে স্পষ্ট করা হয়েছে।
বিধানে আরও বলা হয়েছে, পোলিং এজেন্টদের নির্ধারিত স্থানে বসে দায়িত্ব পালন করতে হবে। তারা কেন্দ্রের ভেতরে অপ্রয়োজনীয় চলাফেরা করতে পারবেন না।
উল্লেখ্য আগামীকাল বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
ঢাকা/এমএসবি//