নির্বাচন সফলভাবে শেষ হওয়ায় শুক্রবার দেশব্যাপী শোকরানা দোয়ার অনুরোধ
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ত্রয়োদশ সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় শুক্রবার দেশব্যাপী শোকরানা দোয়া আয়োজনের অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচন সর্বমহলে গ্রহণযোগ্য ও প্রশংসিত হয়েছে। এমন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে দেশব্যাপী সকল মসজিদে শোকরানা দোয়া এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে স্ব স্ব ধর্মমতে প্রার্থনা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।
এ পরিপ্রেক্ষিতে আগামীকাল শুক্রবার বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে শোকরানা দোয়া এবং সুবিধামতো সময়ে মন্দির, গীর্জা ও প্যাগোডায় স্ব স্ব ধর্মমতে বিশেষ প্রার্থনা আয়োজনের জন্য অনুরোধ করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এবং হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিবদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
ঢাকা/এএএম//