প্রধানমন্ত্রী বুধবার সচিবালয়ে প্রথমবার অফিস করবেন
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: বিএনপির ফেসবুক পেজ
শপথ গ্রহণের পরদিন বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রথমবারের মতো অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন তিনি মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করবেন।
পাশাপাশি নতুন মন্ত্রিসভার সদস্য ও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।
প্রধানমন্ত্রীর প্রথম অফিস কার্যক্রমকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুর থেকেই সচিবালয়ে ব্যস্ততা দেখা যায়। তৃতীয় তলায় অবস্থিত প্রধানমন্ত্রীর নির্ধারিত কার্যালয়ে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সাজসজ্জার কাজ। আসবাবপত্র, দেয়াল ও মেঝে পরিষ্কার করা হচ্ছে। একই সঙ্গে ওই তলায় অবস্থিত মন্ত্রিপরিষদ কক্ষও প্রস্তুত করা হচ্ছে। ভবনটি নির্মাণের পর দীর্ঘদিন এই ফ্লোরটি কার্যত অব্যবহৃত ছিল।
এছাড়া ভবনের নিচতলাসহ বিভিন্ন তলায় সৌন্দর্যবর্ধনের জন্য সন্ধ্যা পর্যন্ত গণপূর্ত বিভাগের কর্মচারীদের পিকআপ ও ভ্যানগাড়িতে করে ফুলের টব আনতে দেখা গেছে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, দায়িত্ব গ্রহণের পরদিন বুধবার সকাল ১০টায় সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করবেন প্রধানমন্ত্রী। এরপর মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি দুপুরে সচিবালয়ে পৌঁছাবেন এবং নির্ধারিত কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করবেন।
সচিবালয়ে এসে তিনি প্রথমে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হবেন এবং একটি সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেবেন। এরপর বিকেল ৩টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে একটি বিশেষ বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। বৈঠকটি মূলত পরিচিতিমূলক হলেও এতে সরকার পরিচালনার প্রাথমিক দিক-নির্দেশনা উঠে আসতে পারে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।
বিকেল ৪টায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি। প্রায় দুই দশক পর দলটি সরকার গঠন করে এবং প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন তারেক রহমান। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন।
ঢাকা/এএএম/এসবি