ঢাকা     বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নেমপ্লেট পরিবর্তন, স্বরাষ্ট্রমন্ত্রীকে দেওয়া হবে গার্ড অব অনার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৪, ১৮ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১২:১৫, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
নেমপ্লেট পরিবর্তন, স্বরাষ্ট্রমন্ত্রীকে দেওয়া হবে গার্ড অব অনার

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন মন্ত্রীর নামে লাগানো নেমপ্লেট

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে অফিস করার কথা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ-এর। তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করতে ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে সব ধরনের প্রশাসনিক ও আনুষ্ঠানিক প্রস্তুতি।

সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে দেখা যায়, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর নামফলক সরিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নামের নেমপ্লেট স্থাপন করা হয়েছে। মন্ত্রণালয়ের প্রবেশপথ, করিডর ও সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পরিচ্ছন্নতা ও সাজসজ্জার কাজ শেষ করা হয়েছে। তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাতে গার্ড অব অনারের প্রস্তুতিও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। 

আরো পড়ুন:

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্ধারিত স্থানে অবস্থান নিয়েছেন এবং প্যারেডের রিহার্সালও সম্পন্ন হয়েছে। একই সঙ্গে সচিবালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, নতুন মন্ত্রী দায়িত্ব গ্রহণের পরপরই মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা, পুলিশ প্রশাসনের কার্যক্রম ও নাগরিক সেবা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত ব্রিফিং নেওয়ার কথা রয়েছে।

তিনি আর জানান, দায়িত্ব গ্রহণের দিনই মন্ত্রণালয়ের চলমান ও অগ্রাধিকারভিত্তিক গুরুত্বপূর্ণ ফাইলগুলো পর্যালোচনা শুরু করবেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্র মন্ত্রীকে গার্ড অব অনার দিতে প্রস্তুত করা মঞ্চ


তারেক রহমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ কারণে আইনশৃঙ্খলা, নিরাপত্তা ও প্রশাসনিক শৃঙ্খলা জোরদারে নতুন মন্ত্রীর কাছ থেকে দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত প্রত্যাশা করছে সরকার।

সালাহউদ্দিন আহমদের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দেশের আইনশৃঙ্খলা ও অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাপনায় নতুন দিকনির্দেশনা আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ঢাকা/এএএম/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়