ঢাকা     বৃহস্পতিবার   ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চিকিৎসাসেবা সরেজমিন তদারকির ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৬, ১৯ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৯:১২, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
চিকিৎসাসেবা সরেজমিন তদারকির ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা করা হয়

চিকিৎসকরা ঠিকমতো সেবা দিচ্ছেন কি না, তা সরেজমিনে তদারকি করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।  

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, “হাসপাতালগুলোতে আমরা সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে চাই। প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, যে বার্তা দিয়েছেন, সে অনুযায়ী কাজ করব।” 

তিনি বলেন, “দায়িত্বরত চিকিৎসকরা ঠিকমতো সেবা দিচ্ছে কি না, আমরা তাৎক্ষণিকভাবে গিয়ে দেখব। সকলকে জবাবদিহি করতে হবে। আমাদের কার্যক্রম দ্বারা যেন জনসাধারণ উপকৃত হয়, তা নিশ্চিত করতে হবে। আমরা কোনো সিন্ডিকেটকে সুবিধা দেব না।” 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, দল-মত নির্বিশেষে সবাইকে সমানভাবে সেবা দিতে হবে।”

স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় প্রতিমন্ত্রী বলেন, “আমাদের বিভিন্ন বিভাগ ও প্রতিষ্ঠানে প্রচুর শূন্য পদ আছে। ফলে, মানুষ প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছে। শূন্য পদ পূরণে ব্যবস্থা নেওয়া দরকার। আমাদের মেডিকেল শিক্ষার মান উন্নয়নেও গুরুত্ব দেওয়া দরকার।”

সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও অধীনস্থ দপ্তর-সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।  

ঢাকা/এএএম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়