আরো ১২০২ রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় যে সব রাজনৈতিক মামলা হয়েছে তা প্রত্যাহার শুরু করেছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। দুদিনের ব্যবধানে আরো ১ হাজার ২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বরাত দিয়ে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ শাখার এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিগত ১৭ বছরে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে দায়ের করা এসব মামলা পর্যালোচনা শেষে প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে জিতে বিএনপি সরকার গঠনের পাঁচদিনের মাথায় গত ২২ ফেব্রুয়ারি ১০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়ার কথা জানিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ওই সরকারের সময়কার ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশের বিষয়টি গেল ৮ ফেব্রুয়ারি জানায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এসব মামলার বেশির ভাগই হয়েছে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম ও গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর বিরুদ্ধে।
ঢাকা/এএএম/ইভা