ঢাকা     সোমবার   ০২ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৭ ১৪৩২ || ১২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঢাকার দুই সিটি নির্বাচন

উত্তরের বাতাস জামায়াতে, দক্ষিণের হাওয়া এনসিপিতে

রায়হান হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৯, ২ মার্চ ২০২৬   আপডেট: ১২:২৮, ২ মার্চ ২০২৬
উত্তরের বাতাস জামায়াতে, দক্ষিণের হাওয়া এনসিপিতে

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া (বাঁয়ে) ও জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সবচেয়ে আলোচনায় ঢাকার দুই সিটি করপোরেশন। এই দুটি সিটিতে কোন দল কাকে প্রার্থী হিসেবে বেছে নেবে দেশের রাজনীতিতে এখন তা প্রধান আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। যারা এখানে প্রার্থী হতে ইচ্ছুক তারা ইতোমধ্যেই নিজ নিজ দলের হাইকমান্ডের সঙ্গে আলোচনা করছেন এবং নির্বাচনের মাঠ গুছিয়ে কাজ করছেন। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থেকে ছয়টি আসনে জয় পেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এবার স্থানীয় সরকার নির্বাচনে অত্যন্ত ঢাকার দুটি সিটি করপোরেশনে প্রার্থী দিতে চায় তারা। যদি এই নির্বাচনে জোটগত অংশগ্রহণ করার সিদ্ধান্ত আসে, তাহলে একটিতে জোটের প্রার্থী হিসেবে নিজেদের নেতাদের চায় এনসিপি। এরইধ্যে ১১ দলীয় জোটের মধ্যে আলোচনা শুরু হয়েছে। তবে, জোটের প্রার্থী এখন পর্যন্ত চূড়ান্ত করা হয়নি।

আরো পড়ুন:

স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এখনো ঘোষণা না হলেও এনসিপির একাধিক সূত্র জানায়, শেষ পর্যন্ত যদি ১১ দলীয় জোটের হয়ে নির্বাচনের সিদ্ধান্ত হয়, তাহলে দলটির মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রার্থী করার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ তার এই সেক্টরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। 

এই সিটি করপোরেশনে আরো আলোচনায় আছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারীর। তিনি ঢাকা-৮ আসনে সংসদ সদস্য নির্বাচন করেছেন। তিনি নিজে দক্ষিণ সিটি করপোরেশনের প্রার্থী হতে কাজ করছেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। 

১১ দলীয় জোট সূত্র জানায়, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় আছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং দক্ষিণে আলোচনায় আছেন দলের ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি জেনারেল ড. আবদুল মান্নানের নাম। তবে, যদি এই নির্বাচনে জোটগত অংশগ্রহণের সিদ্ধান্ত হয়, তাহলে জামায়াত জোটের অন্যতম শরিক দল এনসিপিকেও ছাড় দিতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের জন্য প্রচার চালাচ্ছেন এনসিপি নেতা সর্দার আমিরুল ইসলাম (বাঁয়ে)


এদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশন খুব জোড়েশোড়ে প্রচারণা চালাচ্ছেন এনসিপির মহানগর উত্তরের সদস্যসচিব সর্দার আমিরুল ইসলাম। 

তিনি রাইজিংবিডি ডটকমকে বলেন, “এরই মধ্যে আমি জনগণের কাছে যেতে শুরু করেছি। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতৃবৃন্দ যদি চূড়ান্তভাবে আমাকে যোগ্য মনে করে, ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র পদে নির্বাচন করব। ঢাকা উত্তরের বাসিন্দারা ভোট দিয়ে জয়যুক্ত করলে নাগরিক সেবা নিশ্চিতে রাতদিন কাজ করব ইনশাআল্লাহ।”

স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে জানতে চাইলে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, "দল প্রাথমিকভাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচনে প্রার্থী করার কথা ভাবছে। গণঅভ্যুত্থান পরবর্তী সরকারে আমি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছি, সংকটকালে বিভিন্ন সময়ে আমাকে সিটি করপোরেশনগুলোর বিষয়েও কাজ করতে হয়েছে। একটা অভিজ্ঞতা হয়েছে, ঢাকা দক্ষিণের নির্বাচন চূড়ান্তভাবে যদি করি, নাগরিকরা আমাকে নির্বাচিত করলে তাদের সেবা নিশ্চিতে ভালো ভূমিকা রাখতে পারব।"

এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি বলেন, "এনসিপি এখন পর্যন্ত এই সিটি করপোরেশন নিয়ে কাজ করছে। আপনারা দেখবেন আমাদের দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী তারাবির নামাজের পর নিজের প্রচারণা চালাচ্ছেন, জনগণের দ্বারে দ্বারে যাচ্ছেন। আমাদের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া  ইফতার মাহফিল করছেন এবং নির্বাচনের জন্য কাজ চালিয়ে যাচ্ছেন। ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সর্দার আমিরুল ইসলাম দোয়া চেয়ে প্রচারণা চালাচ্ছেন।” 

তিনি বলেন, “এখন পর্যন্ত কোনো প্রার্থী চূড়ান্ত করা হয়নি। নির্বাচনের তফসিল ঘোষণা করার পর জোটগত নাকি এককভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করা হবে কি না সেটা জানা যাবে।

ঢাকা/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়