ঢাকা     বুধবার   ০৪ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৯ ১৪৩২ || ১৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জনগণের ভোগান্তির কারণ হলে ছাড় নয়: গণপূর্ত মন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩১, ৪ মার্চ ২০২৬  
জনগণের ভোগান্তির কারণ হলে ছাড় নয়: গণপূর্ত মন্ত্রী

মন্ত্রী জাকারিয়া তাহের রাজউক সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে মন্ত্রণালয় সবসময় পাশে থাকবে। তবে যারা জনগণের ভোগান্তির কারণ হবেন, তাদের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে না।

আজ বুধবার (৪ মার্চ) রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

মন্ত্রী বলেন, জনগণ রাজউকের কাছে তাদের প্রয়োজন নিয়ে আসেন, অনুগ্রহ চাইতে নয়। কোনো ফাইল অযথা আটকে রাখা যাবে না। প্রতিটি কাজ নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন করতে হবে। জনগণ যেন বারবার অফিসে ঘুরতে বাধ্য না হন, তা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নিশ্চিত করতে হবে। 

তিনি আরো বলেন, ফাইলের দীর্ঘসূত্রিতা, সেবা পেতে হয়রানি, অনিয়ম এবং অপ্রয়োজনীয় জটিলতাসহ রাজউক সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে অনেক অভিযোগ রয়েছে। এই অবস্থা ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে। পরিবর্তন এখনই করতে হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, সচিব নজরুল ইসলাম, রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম।

প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, সরকার দুর্নীতি ও হয়রানিমুক্ত করে রাজউককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে চায়।

সভায় আরো উপস্থিত ছিলেন রাজউক সদস্য মোহাম্মদ বশিরুল হক ভূঁইয়া, শেখ মতিয়ার রহমান, মোহাম্মদ জহিরুল ইসলাম প্রমুখ।

মতবিনিময় সভার পূর্বে চিফ টাউন প্লানার আশরাফুল ইসলাম রাজউকের কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।

সভার শুরুতে রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম মন্ত্রী জাকারিয়া তাহের ও প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
 

ঢাকা/এএএম/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়