চালু হচ্ছে বন্ধ থাকা ৭ পাটকল
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে শুক্রবার (৬ মার্চ) পালিত হচ্ছে জাতীয় পাট দিবস।
পাটশিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন এই প্রতিপাদ্যে দিবসটির উদ্বোধনী অনুষ্ঠান অনলাইনে উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
প্রতিমন্ত্রী জানান, জাতীয় পাট দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ৬ থেকে ১৪ মার্চ পর্যন্ত ৯ দিনব্যাপী পাট ও বহুমুখী পাটপণ্যের মেলা অনুষ্ঠিত হবে। মেলায় পাট ও পাটপণ্যের ক্রেতা, উদ্যোক্তা, ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবাইকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
ব্রিফিংয়ে জানানো হয়, বর্তমানে বন্ধ থাকা ৭টি পাটকল পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবশিষ্ট পাটকলগুলো ধাপে ধাপে বেসরকারি ব্যবস্থাপনায় চালু করা হবে।
প্রতিমন্ত্রী বলেন,“বর্তমান সরকারের লক্ষ্য দেশকে আধুনিক ও গণতান্ত্রিক উচ্চ-মধ্যম আয়ের দেশে পরিণত করা এবং ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা। বেকারত্ব হ্রাস ও কর্মসংস্থান সৃষ্টি সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে পূর্ববর্তী সরকারের সময়ে বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলো পুনরায় চালু করতে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে।”
তিনি আরো বলেন, “কর্মসংস্থান ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) নিয়ন্ত্রণাধীন পাটকলগুলো দীর্ঘমেয়াদি ইজারার মাধ্যমে বেসরকারি ব্যবস্থাপনায় চালু রাখার কার্যক্রম চলমান রয়েছে।”
ইতোমধ্যে ইজারা দেওয়া ৯টি পাটকলে প্রায় ৭ হাজার ২০০ জন শ্রমিক কাজ করছেন, যা জাতীয় উৎপাদন ও কর্মসংস্থানে ইতিবাচক অবদান রাখছে বলে জানান প্রতিমন্ত্রী।
ঢাকা/এএএম/এসবি