কাঁচাপাট রপ্তানিকারকদের ঋণ পুনঃতফসিলের সময় বৃদ্ধি
কাঁচাপাট রপ্তানিকারকদের বিরাজমান সমস্যা সমাধানের লক্ষ্যে ঋণ পুনঃতফসিলের সময় বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।
কাঁচাপাট রপ্তানিকারকরা আগামী ৩০ জুন পর্যন্ত ঋণ পুনঃতফসিল করতে আবেদন করতে পারবেন বলে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
রবিবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ- ১ (বিআরপিডি) থেকে এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, কাঁচাপাট রপ্তানিকারকদের ২০২৪ সালের ৩১ ডিসেম্বর-ভিত্তিক বিদ্যমান ঋণের ২ শতাংশ ডাউন পেমেন্ট বা এককালীন জমা দিয়ে আবেদন করার সময়সীমা ছিল ২০২৫ সালের ৩১ ডিসেম্বর। তবে রপ্তানি কার্যক্রমে বিভিন্ন জটিলতার কারণে অনেক উদ্যোক্তা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারেননি। কাঁচাপাট খাতের রপ্তানিকারকদের বিরাজমান সমস্যা সমাধান করতে এই সময়সীমা আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
গ্রাহক তার খেলাপি (শ্রেণিকৃত) ঋণের স্থিতির ২ শতাংশ অর্থ জমা দিয়ে সংশ্লিষ্ট ব্যাংকে আবেদন করতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এই নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এই উদ্যোগের ফলে সংকটে থাকা কাঁচাপাট রপ্তানিকারকেরা ঋণ নিয়মিত করার সুযোগ পাবেন, যা দেশের রপ্তানি বাণিজ্যকে আরো গতিশীল করবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।
ঢাকা/নাজমুল/রাসেল