ঢাকা     বৃহস্পতিবার   ০৯ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৭ ১৪৩২ || ২১ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মুরাদনগের মা-মেয়ের লাশ উদ্ধার, পরিবারটি ছিল অভাব-অনটনে

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৫, ৯ এপ্রিল ২০২৬   আপডেট: ২০:০৯, ৯ এপ্রিল ২০২৬
মুরাদনগের মা-মেয়ের লাশ উদ্ধার, পরিবারটি ছিল অভাব-অনটনে

ফাইল ফটো

কুমিল্লার মুরাদনগরে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তের পর পুলিশ ধারণা করছে, অভাব-অনটন ও মানসিক অসুস্থতার জেরে ওই মা তার মেয়েকে নিয়ে আত্মহত্যা করেছেন।

মারা যাওয়া নারীর নাম খাদিজা বেগম (৩০) ও তার মেয়ে রোকাইয়া (৫)। ঘটনার সময় মা ও মেয়ে ছাড়া তাদের ঘরে আর কেউ ছিলেন না বলে জানিয়েছে পুলিশ।

বাঙ্গরা বাজার থানার ওসি মো. আব্দুল কাদের বলেন, মা ও মেয়ে বিষপানে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পরিবারটি দীর্ঘদিন ধরে অভাব-অনটনে ছিল। ধারণা করা হচ্ছে, অভাব-অনটন ও মানসিক অসুস্থতার কারণে মা-মেয়ে আত্মহত্যা করেছেন।

স্থানীয়রা জানান, খাদিজা বেগমের প্রথম একটি বিয়ে হয়। তবে, সেই সংসার বেশি দিন টেকেনি। পরবর্তীতে একই উপজেলার কামল্লা গ্রামের হুমায়ুন কবিরের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের একটি কন্যাসন্তান রয়েছে। মেয়ের জন্মের কিছুদিন পরই হুমায়ুন কবির মারা যান। এরপর থেকে খাদিজা বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়নের আলীপুর গ্রামে বাবার বাড়িতেই থাকতেন।

পরিবারের সদস্যরা জানান, স্বামীর মৃত্যুর পরে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন খাদিজা। সেই সঙ্গে সংসারে ছিল অভাব-অনটন। বৃহস্পতিবার রোকাইয়ার কান্নার শব্দ শুনে পাশের ঘর থেকে খাদিজার মা রাফিয়া বেগম ছুটে আসেন। এ সময় তিনি দেখেন, মা-মেয়েকে নিয়ে বিষপান করেছে। দ্রুত তাদের উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানেই তাদের মৃত্যু হয়।

ঢাকা/রুবেল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়