কলেজে তালা দিলো ফরম পূরণে বঞ্চিত শিক্ষার্থীরা, শিক্ষক অবরুদ্ধ
চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করতে না পারায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটক এবং অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়েছে।
আজ বৃহস্পতিবার চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সুচিপাড়া ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে। এতে কলেজের শিক্ষক ও কর্মচারীরা সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অবরুদ্ধ হয়ে পড়েন।
শামসুল আরিফিন মাহিম নামে ওই কলেজের এক এইচএসসি পরীক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘‘আমরা কলেজ থেকে ৩৬০ জন নির্বাচনী (টেস্ট) পরীক্ষায় অংশগ্রহণ করি। এর মধ্য ২৬৭ জনকে কৃতকার্য দেখানো হয়। এর মধ্যে কিছু ক্ষেত্রে ২, ৩ বা ৭ বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীকেও ফরম পূরণের সুযোগ দেওয়া হলেও আমাদের সুযোগ দেওয়া হয়নি। আমরা নাম্বারপত্র দেখতে চাইলেও কলেজ কর্তৃপক্ষ অনিহা প্রকাশ করেছে। এমন বৈষম্যে কলেজ কমিটির সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ জড়িত হওয়ায় আমরা চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অশংগ্রহণ করতে পারছি না।’’
মাহিম কলেজ কমিটি সভাপতির পদত্যাগের দাবি জানান।
শিক্ষার্থী মেহারজুল ইসলাম একই অভিযোগ করে বলেন, ‘‘আমি ৩ বিষয়ে অকৃতকার্য হয়েছি। কলেজ কর্তৃপক্ষ ফরম পূরণ করবে বলে টাকা নিয়েছে। শুনেছি ৩, ৪ বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের কলেজ কর্তৃপক্ষ ফরম পূরণ করতে দিলেও আমাকে দিচ্ছে না।’’
কলেজের ফরম পূরণ কমিটির দায়িত্বরত শিক্ষক নুরুল হক এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। ভারপ্রাপ্ত আধ্যক্ষ মো. মোয়াজ্জেম হোসেনকে কলেজে না পেয়ে তার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা হলেও তিনি কল রিসিভ করেননি।
কলেজ পরিচালনা কমিটির সভাপতি হসান আহম্মেদ টিপু জানান, ৩১ মার্চ ফরম পূরণের সময় শেষ হয়েছে। শিক্ষার্থীরা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে বিশৃঙ্খলা ঘটাচ্ছে।
ঢাকা/অমরেশ//
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল জয়ী