সাবেক এমপি সফুরা বেগম রুমী কারাগারে
লালমনিরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম
লালমনিরহাট জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের হওয়া মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ৩টায় লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে, গত রাতে ডিবির একটি দল রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সফুরা বেগম রুমী আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে নাশকতা ও হত্যাসহ লালমনিরহাটে ৫টির বেশি মামলা রয়েছে। তথ্য প্রযুক্তির সহায়তায় অবস্থান নিশ্চিত হওয়ার পর ডিবির একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
সফুরা বেগম রুমী সংরক্ষিত নারী আসন-২ (লালমনিরহাট-কুড়িগ্রাম) এর সাবেক সংসদ সদস্য। এছাড়া, তিনি জেলা মহিলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভানেত্রী এবং দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
লালমনিরহাট জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, “আইনি প্রক্রিয়া শেষে সফুরা বেগম রুমীকে আদালতে সোপর্দ করা হয়। এ সময় তার পক্ষের আইনজীবী জামিন আবেদন করলে বিচারক আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”
আসামিপক্ষের আইনজীবী আহাদ খন্দকার লেলিন বলেন, “আমরা আদালতের কাছে তার শারীরিক অসুস্থতা ও বয়স বিবেচনায় জামিন প্রার্থনা করেছিলাম। তবে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আমরা উচ্চ আদালতে আবেদন করব।”
ঢাকা/নিয়াজ/রাজীব
আবারো বিরোধীদলের ওয়াকআউট