ঢাকা     বৃহস্পতিবার   ০৯ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৭ ১৪৩২ || ২১ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সড়কের পাশে পড়ে ছিল তরুণের বস্তাবন্দী খণ্ডিত মরদেহ

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৫, ৯ এপ্রিল ২০২৬  
সড়কের পাশে পড়ে ছিল তরুণের বস্তাবন্দী খণ্ডিত মরদেহ

কক্সবাজারের টেকনাফ উপজেলার মেরিন ড্রাইভ সড়কের পাশ থেকে অজ্ঞাত এক তরুণের বস্তাবন্দী ৩ টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নোয়াখালিয়া পাড়ার একটি ফসলি জমির বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে স্থানীয়রা বিলে বস্তাবন্দী খণ্ডিত মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনটি আলাদা বস্তায় রাখা মরদেহের খণ্ডাংশ উদ্ধার করে।

টেকনাফ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, “ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে হত্যার পর মরদেহ তিন টুকরো করে ফেলে রেখে গেছে। খণ্ডিত অংশগুলো হলো মাথাসহ ঘাড়, গলা থেকে কোমর এবং কোমর থেকে পা পর্যন্ত অংশ। মুখমণ্ডল বিকৃত করে দেয়ায় তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের বয়স আনুমানিক ২০ বছর।”

স্থানীয়রা জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় নোয়াখালিয়া পাড়া সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় কলিম উল্লাহ (২০) নামে এক তরুণকে একটি প্রাইভেট গাড়িতে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।

নিখোঁজ তরুণের বাবা মমতাজ উদ্দিন জানান, অপহরণের পর অজ্ঞাত নম্বর থেকে ফোন করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল। এরপর থেকে তার ছেলে নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া মরদেহটি তার ছেলের হতে পারে বলে ধারণা করছেন তিনি।

ঢাকা/তারেকুর/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়