সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশনের আহ্বান তথ্যমন্ত্রীর
বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃহস্পতিবার (৫ মার্চ) ঢাকার তথ্য ভবনে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তথ্যপ্রযুক্তির এই যুগে দ্রুতগতির তথ্যপ্রবাহের মধ্যে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃহস্পতিবার (৫ মার্চ) ঢাকার তথ্য ভবনে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এই মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, “তথ্যই শক্তি এবং এই শক্তিকে সঠিকভাবে ব্যবস্থাপনা ও পরিবেশনের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়াই তথ্য ক্যাডারের মূল দায়িত্ব।”
তথ্যমন্ত্রী ভুয়া খবর, গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে দ্রুত তথ্যভিত্তিক প্রতিক্রিয়া দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, তথ্য মন্ত্রণালয়কে হতে হবে একটি ডিভাইসের মতো; যেখানে ইনফরমেশনের সফট কন্টেন্ট ও সফট পাওয়ার ইন্সটল করতে হবে।
সরকারের মুখপাত্র হিসেবে তথ্য ক্যাডারের কর্মকর্তাদের সরকারের উল্লেখযোগ্য প্রতিশ্রুতি বাস্তবায়নের সংবাদ দেশের আনাচে-কানাচে পৌঁছে দিতে নির্দেশ দেন তথ্যমন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।
অন্যান্যের মধ্যে বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তা, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।
ঢাকা/রাসেল