যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন
ফেব্রুয়ারিতে ৪৪৮ দুর্ঘটনায় সড়কে নিহত ৪৪৭
গত মাসে দেশের গণমাধ্যমগুলোয় ৪৪৮টি সড়ক দুর্ঘটনার খবর প্রকাশ হয়েছে। এসব দুর্ঘটনায় ৪৪৭ নিহত ও ১ হাজার ১৮১ জন আহত হয়েছেন।
ফেব্রুয়ারিতে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে ১১৩টি, নিহত ও আহত যথাক্রমে ১১৫ ও ৩৮৭ জন। সবচেয়ে কম সড়ক দুর্ঘটনার বিভাগ বরিশাল, ২২টি দুর্ঘটনায় ১৯ নিহত ও ৮৫ জন আহত হয়েছেন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেল এসব তথ্য দিয়েছে।
শুক্রবার (৬ মার্চ) সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত প্রতিবেদনটি প্রকাশ হয়েছে। দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌ পথের দুর্ঘটনার সংবাদ পর্যবেক্ষণ করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।
এ সময়ে রেলপথে ৩৪টি দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ১১ আহত, নৌ পথে ৬টি দুর্ঘটনায় নিহত ৪ ও আহত ৫ জন। সড়ক, রেল ও নৌপথে সর্বমোট ৪৮৮টি দুর্ঘটনায় ৪৭৭ নিহত ও ১১৯৭ জন আহত হয়েছেন।
১৫১টি মটরসাইকেল দুর্ঘটনায় নিহত ও আহত যথাক্রমে ১৬৭ ও ১৩৭ জন। যা মোট দুর্ঘটনার ৩৩ দশমিক ৭ শতাংশ, নিহতের ৩৭ দশমিক ৩৬ ও আহতের ১১ দশমিক ৬ শতাংশ।
ফেব্রুয়ারিতে দুর্ঘটনায় কবলিত ৬৮টি যানবাহনের পরিচয় মিলেছে।এর মধ্যে ২৬ দশমিক ৩৪ শতাংশ মটরসাইকেল, ২৩ দশমিক ৭২ শতাংশ ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান ও লরি, ১৫ দশমিক ২৮ শতাংশ বাস, ১৪ দশমিক ২৬ শতাংশ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক, ৪ দশমিক ৮ শতাংশ সিএনজিচালিত অটোরিকশা, ৮ দশমিক ৮৭ শতাংশ নছিমন-করিমন-মাহিন্দ্রা-ট্রাক্টর ও লেগুনা, ৬ দশমিক ৪৭ শতাংশ কার-জিপ-মাইক্রোবাস।
সংগঠিত দুর্ঘটনার ৪১ দশমিক ৭৪ শতাংশ গাড়ি চাপা দেয়ার ঘটনা, ৩৩ দশমিক ২৫ শতাংশ মুখোমুখি সংঘর্ষ, ১৭ দশমিক ১৮ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে, ৬ দশমিক ৪৭ শতাংশ বিবিধ কারণে, দশমিক ২২ চাকায় ওড়না পেঁচিয়ে এবং ১ দশমিক ১১ শতাংশ ট্রেন-যানবাহনের সংঘর্ষে ঘটে।
দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, গত মাসে সংগঠিত দুর্ঘটনার ৪২ দশমিক ৬৩ শতাংশ জাতীয় মহাসড়কে, ২৫ দশমিক ৪৪ শতাংশ আঞ্চলিক মহাসড়ক ও ২৭ শতাংশ ফিডার রোডে সংঘটিত হয়েছে। এছাড়া সারা দেশে মোট দুর্ঘটনার ৩ দশমিক ৩৪ শতাংশ ঢাকা মহানগরীতে, দশমিক ৪৪ শতাংশ চট্টগ্রাম মহানগরীতে ও ১ দশমিক ১১ শতাংশ রেলক্রসিংয়ে সংগঠিত হয়েছে।
ঢাকা/আসাদ/সাইফ