সুনাম ও পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান পর্যটন মন্ত্রীর
বাংলাদেশের পর্যটন ও হসপিটালিটি খাতের উন্নয়নে প্যান প্যাসিফিক সোনারগাঁও দীর্ঘদিন ধরে সুনাম ও পেশাদারিত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এই সুনাম ধরে রাখতে সবাইকে আরো আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা)।
মঙ্গলবার (১০ মার্চ) প্যান প্যাসিফিক সোনারগাঁও, ঢাকাতে আয়োজিত কর্পোরেট ইফতার প্রোগ্রামে তিনি এ আহ্বান জানান।
পবিত্র মাসে সবাইকে একত্রিত করে সুন্দর ইফতার মাহফিল আয়োজন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।
ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বিশেষ অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, “পবিত্র রমজানের শিক্ষা জীবনে ধারণ করে আমরা সবাই যেন দেশ ও মানুষের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করতে পারি।"
এরপর সকলের অংশগ্রহণে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ মন্ত্রণালয় ও বাংলাদেশ সার্ভিস লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ঢাকা/নঈমুদ্দীন/মাসুদ