চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা) ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার (১১ মার্চ) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরো সুদৃঢ় ও নতুন উচ্চতায় উন্নীত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়। বিশেষ করে বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে চীনের সঙ্গে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে বেইজিং ও গুয়াংঝু রুটে ফ্লাইটের সংখ্যা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। এ বিষয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রী সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
এছাড়া, রাষ্ট্রদূত বাংলাদেশের বর্তমান সরকারের পর্যটন গন্তব্য বিশেষ করে কক্সবাজারের উন্নয়ন কার্যক্রমে চীনের অব্যাহত সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন। প্রয়োজনে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে বাংলাদেশ ও চীন যৌথভাবে কাজ করার বিষয়েও উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।
ঢাকা/এএএম/জান্নাত