ঢাকা     শুক্রবার   ১৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৮ ১৪৩২ || ২৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঈদে বাড়ি যাওয়ার পথে নিরাপত্তা নিয়ে পুলিশের পরামর্শ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৮, ১২ মার্চ ২০২৬  
ঈদে বাড়ি যাওয়ার পথে নিরাপত্তা নিয়ে পুলিশের পরামর্শ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিরাপদ ও নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে নিরাপত্তা পরামর্শ দিয়েছে পুলিশ সদর দপ্তর। সড়ক, নৌ ও রেলপথে ভ্রমণকারী যাত্রী, চালক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের ভ্রমণে যাত্রীদের পর্যাপ্ত সময় নিয়ে যাত্রা পরিকল্পনা করতে হবে এবং নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তার বিষয় বিবেচনায় রাখতে হবে। চালককে দ্রুতগতিতে গাড়ি চালাতে চাপ না দেওয়ারও অনুরোধ করা হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে বাসের ছাদে কিংবা ট্রাক, পিকআপ ও অন্যান্য পণ্যবাহী যানবাহনে অতিরিক্ত যাত্রী হয়ে ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে রাস্তা পারাপারের ক্ষেত্রে জেব্রাক্রসিং বা ফুটওভারব্রিজ (পদচারী–সেতু) ব্যবহার করার পরামর্শ দিয়েছে পুলিশ। যেখানে এ ধরনের ব্যবস্থা নেই, সেখানে যানবাহনের গতিবিধি দেখে নিরাপদে রাস্তা পার হওয়ার কথা বলা হয়েছে। প্রয়োজনে পুলিশের সহায়তা নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি অপরিচিত ব্যক্তির কাছ থেকে খাবার বা পানীয় গ্রহণ না করার আহ্বান জানানো হয়েছে।

বাসচালকদের উদ্দেশে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওভার স্পিডে গাড়ি চালানো ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিং থেকে বিরত থাকতে হবে। ক্লান্তি, অবসাদ বা অসুস্থ অবস্থায় গাড়ি চালানো যাবে না। ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা এবং বাসে অতিরিক্ত যাত্রী না তোলার নির্দেশনা দেওয়া হয়েছে। আঞ্চলিক সড়ক ও মহাসড়কে চলাচলের ক্ষেত্রে প্রয়োজন হলে পুলিশের নির্দেশনা মেনে চলার কথাও বলা হয়েছে।

নৌপথে যাত্রীদের অতিরিক্ত যাত্রী হয়ে নৌযানে না ওঠা এবং নৌযানের ছাদে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে পুলিশ। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌযানে ভ্রমণ না করতে বলা হয়েছে। স্পিডবোটে ভ্রমণের সময় লাইফ জ্যাকেট পরার কথাও উল্লেখ করা হয়েছে।

নৌযানের মালিকদের নির্ধারিতসংখ্যক গ্রেডের মাস্টার ও চালক দিয়ে নৌযান পরিচালনা এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌযান চলাচল বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে মাস্টার ব্রিজে যাত্রীদের অবাধ চলাচল বন্ধ রাখার ব্যবস্থা ও লঞ্চে পর্যাপ্ত বয়া রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে নৌযানের চালকদের আবহাওয়ার পূর্বাভাস জেনে বন্দর ত্যাগ করা, ডেকের যাত্রীদের বসার স্থানে মালামাল পরিবহন না করা এবং পর্যাপ্তসংখ্যক বয়া ও লাইফ জ্যাকেট রাখার কথা বলা হয়েছে। যাত্রাপথে ঝড়ের আশঙ্কা দেখা দিলে নৌযান নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া বা তীরে ভিড়িয়ে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া নৌযানে মোবাইল ফোন ও রেডিও রাখার পাশাপাশি নিয়মিত আবহাওয়ার বুলেটিন শোনা এবং প্রয়োজন হলে আবহাওয়া-সংক্রান্ত অ্যাপ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। বৈধ কাগজপত্র ছাড়া নৌযান পরিচালনা থেকে বিরত থাকার কথাও বলা হয়েছে।

ট্রেনযাত্রীদের উদ্দেশে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রেনের ছাদ, বাফার, পাদানি ও ইঞ্জিনে ঝুঁকিপূর্ণ ভ্রমণ থেকে বিরত থাকতে হবে। ভ্রমণের সময় পাথর নিক্ষেপের বিষয়ে সতর্ক থাকতে এবং মালামাল নিজের দায়িত্বে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বিনা টিকিটে ট্রেনভ্রমণ না করারও আহ্বান জানানো হয়েছে।

প্রয়োজনে পুলিশ হেডকোয়ার্টার্সের কন্ট্রোল রুম, হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশ, নৌ পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নির্ধারিত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রয়োজনে পুলিশ সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) ০১৩২০০০১৩০০, ০১৩২০০০১২৯৯, হাইওয়ে পুলিশের সদর দপ্তর ০১৩২০১৮২৫৯৮, রেলওয়ে পুলিশের সদর দপ্তর ০১৩২০১৭৭৫৯৮, নৌ পুলিশের সদর দপ্তর দপ্তর ০১৩২০১৬৯৫৯৮, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ০১৭৭৭৭২০০২৯ নম্বরে এবং জেলা পুলিশ সুপার ও থানার অফিসার ইনচার্জের (ওসি) সঙ্গে যোগাযোগ করুন।

ঢাকা/মাকসুদ/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়