সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন চলছে
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার (১৫ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ।
এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। প্রথম দিনের অধিবেশন শেষে তা রবিবার পর্যন্ত মুলতবি করা হয়েছিল।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, প্রথম দিনে দেওয়া রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা অনুষ্ঠিত হবে।
অধিবেশনের শুরুতেই রাষ্ট্রপতির ভাষণকে ঘিরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা ওয়াকআউট করেন।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৭ ফেব্রুয়ারি সংসদ ভবনের শপথ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং ২৯৭টি আসনের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এর মধ্যে বিএনপি ২০৯টি, জামায়াতে ইসলামী ৬৮টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি এবং বাংলাদেশ খেলাফত মজলিস দুটি আসনে জয় লাভ করে। এছাড়া কয়েকটি ছোট দল ও স্বতন্ত্র প্রার্থীরাও কয়েকটি আসনে বিজয়ী হন।
ঢাকা/এএএম/ইভা