ডিএমপির উদ্যোগে বাস টার্মিনালে অশ্বারোহী পুলিশি অভিযান
জেষ্ঠ্য প্রতিবেদক || রাইজিংবিডি.কম
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল নামার মধ্যে রাজধানীর বাস টার্মিনালগুলোতে সচেতনতা কার্যক্রম জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ঈদযাত্রায় সাধারণ মানুষের সচেতনতা বাড়ানোর অংশ হিসেবে সড়কে নামানো হয়েছে অশ্বারোহী পুলিশ। ডিএমপির নতুন এ উদ্যোগ দেখতে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও আগ্রহ লক্ষ করা গেছে।
মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, যাত্রীদের ভিড়ের মধ্যেই মাইকিং করে বিভিন্ন সতর্কতামূলক বার্তা প্রচার করছে পুলিশ। একই সঙ্গে টার্মিনাল ও আশপাশের সড়কে টহল দিচ্ছেন অশ্বারোহী ইউনিটের সদস্যরা। অনেক যাত্রী ও পথচারী থেমে এই দৃশ্য দেখছেন, কেউ কেউ মোবাইলে ছবি তুলছেন।
ডিএমপির পক্ষ থেকে প্রচার করা বার্তাগুলোর মধ্যে রয়েছে—যাত্রাপথে অপরিচিত কারো দেওয়া খাবার গ্রহণ না করা, অজ্ঞান পার্টি থেকে সতর্ক থাকা, রাস্তা পারাপারে জেব্রা ক্রসিং ব্যবহার করা, সড়কের মাঝখানে না হাঁটা, পকেটমার থেকে সাবধান থাকা এবং ট্রাফিক আইন মেনে চলা।
তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আলতাব হোসেন মোল্লা রাইজিংবিডি ডটকমকে বলেন, “ঈদকে সামনে রেখে যাত্রীদের সচেতন করতে ডিএমপির পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে একই ধরনের কার্যক্রম চলছে।”
তিনি জানান, এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এবারের ঈদযাত্রা সার্বিকভাবে স্বাভাবিক রয়েছে এবং যাত্রীরা নির্বিঘ্নে ঢাকা ছাড়তে পারছেন।
সচেতনতা কার্যক্রমকে ইতিবাচকভাবে দেখছেন যাত্রীরা। অনেকেই বলছেন, পুলিশের এমন উদ্যোগ ভ্রমণের সময় নিরাপত্তা বিষয়ে মানুষকে আরো সতর্ক হতে সহায়তা করবে। বিশেষ করে ঈদ মৌসুমে যখন যাত্রীদের চাপ বেড়ে যায়, তখন এ ধরনের উদ্যোগ প্রয়োজনীয় বলেও মনে করছেন তারা।
ঈদযাত্রাকে কেন্দ্র করে রাজধানীর বাস টার্মিনালগুলোতে যখন ভিড় বাড়ছে, তখন আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতা যাত্রীদের মাঝে স্বস্তি বাড়িয়েছে।
সরেজমিন ঘুরে ও পরিবহন কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার ভোর ৫টা থেকেই দূরপাল্লার বাস একের পর এক টার্মিনাল ছেড়ে যাচ্ছে। পবিত্র ঈদুল ফিতরের লম্বা ছুটি শুরুর প্রথম দিনে রাজধানী ছাড়ার হিড়িক পড়েছে। বাস টার্মিনালগুলোতে সকাল থেকে ছিল যাত্রীদের ভিড়। তবে, কিছু বাস নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে ছাড়ায় যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে। বিশেষ করে ঢাকা থেকে ময়মনসিংহগামী ইউনাইটেড ট্রান্সপোর্টের কাউন্টারের সামনে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের দীর্ঘ সময় দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে।
ঢাকা/এনটি/জান্নাত