টিকিট কালোবাজারি, সুবর্ণ এক্সপ্রেসের দুই স্টুয়ার্ট বরখাস্ত
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের টিকিট কালোবাজারির ঘটনায় অনবোর্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এসএ করপোরেশনের দুই স্টুয়ার্টকে স্থায়ীভাবে বরখাস্ত এবং প্রতিষ্ঠানটিকে সাত হাজার পাঁচশ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি আগামী ২৪ মার্চের মধ্যে প্রতিষ্ঠানটিকে বিস্তারিত ব্যাখ্যা দিতে বলেছে বাংলাদেশ রেলওয়ে।
শুক্রবার (২০ মার্চ) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী তথ্য জানান।
সম্প্রতি একটি অনলাইন পোর্টালে ট্রেনের টিকিট কালোবাজারির একটি ভিডিও ভাইরাল হয়। প্রাথমিক অনুসন্ধানে ভিডিওর সত্যতা পাওয়া যায় এবং স্টুয়ার্ড মিনহাজুল ও ইমরানের এ কাজে সরাসরি সংশ্লিষ্টতা প্রমাণিত হয়। যে কারণে দুজনকে চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
রেলওয়ে জানিয়েছে, অনবোর্ড সেবা প্রতিষ্ঠানটি যদি আগামী ২৪ মার্চ পর্যন্ত সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়, তবে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকা/এএএম