কালিয়াকৈরে ওয়ালটনের সহায়তায় গুদামের আগুন নিয়ন্ত্রণ
কর্মস্থলে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় কমিউনিটির নিরাপত্তায় সক্রিয় ভূমিকা পালন করছে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাটিয়া কলোনিতে একটি তুলার গুদামে লাগা আগুন ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথভাবে নিয়ন্ত্রণ করেছে ওয়ালটনের এনভায়রনমেন্ট, হেলথ অ্যান্ড সেফটি (ইএইচএস) বিভাগ।
শুক্রবার (২০ মার্চ) আনুমানিক সকাল ১১টা ৪৫ মিনিটে নজরুল ইসলাম নামের এক ব্যক্তির মালিকানাধীন তুলার গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সহযোগিতা কামনা করলে প্রতিষ্ঠানটি দ্রুত তাদের ফায়ার সেফটি টিম ঘটনাস্থলে পাঠায়।
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইউসুফ আলী বলেছেন, “ওয়ালটন পরিবার সব সময় অন্যের বিপদে পাশে দাঁড়ায়। ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমরা নিজেদের পাশাপাশি আশপাশের সকলকে নিরাপদ রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখব।”
ওয়ালটনের ইএইচএস বিভাগের প্রধান মো. মোস্তাফিজুর রহমান রাজু জানিয়েছেন, আগুন লাগার পরপরই দ্রুত ব্যবস্থা নেওয়া হয় এবং ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালনা করা হয়।
ওয়ালটনের ১৪ সদস্যের একটি দল এবং কালিয়াকৈর ও কোনাবাড়ি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তিনটি ইউনিটসহ মোট চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এ ঘটনায় গুদামের মালামাল পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অগ্নিনির্বাপণ কাজে ওয়ালটন ইএইচএস বিভাগ (ফায়ার সেফটি ম্যানেজমেন্ট সেকশন) তাদের নিজস্ব দুটি শক্তিশালী পোর্টেবল ফায়ার পাম্প ব্যবহার করে।
ওয়ালটন পরিবার জানায়, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ কমিউনিটি গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ঢাকা/রফিক