ঢাকা     শনিবার   ২১ মার্চ ২০২৬ ||  চৈত্র ৮ ১৪৩২ || ১ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঈদের দিনেও তেল নিতে পাম্পে দীর্ঘ লাইন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৮, ২১ মার্চ ২০২৬  
ঈদের দিনেও তেল নিতে পাম্পে দীর্ঘ লাইন

ঈদের দিনেও পাম্পে তেল নিতে দীর্ঘ লাইন দেখা গেছে।

রাজধানীজুড়ে উৎসব ও আনন্দে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। কিন্তু এ খুশির দিনেও রাজধানীর ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। মোটরসাইকেল, প্রাইভেটকার ও সিএনজি চালকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

শনিবার (২১ মার্চ) সকাল থেকে রাজধানীর মহাখালী, বিজয় সরণি, তেজগাঁও ও শ্যামলী এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

আরো পড়ুন:

জ্বালানি তেল বিতরণের ওপর থেকে সরকারি রেশনিং ব্যবস্থা তুলে নেওয়া হলেও রাজধানীর বিভিন্ন এলাকার ফিলিং স্টেশনে আগের মতো তেলের সংকট রয়ে গেছে। ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। তেল নিতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। রাজধানীর অনেক এলাকায় পাম্প বন্ধ রয়েছে।

ঈদকে কেন্দ্র করে ভোগান্তি কমাতে তেল সরবরাহ বাড়ানোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

সরেজমিন ঘুরে দেখা গেছে, মেরাদিয়া এলাকার বনশ্রী ফিলিং স্টেশন, তেজগাঁও এলাকায় সিকদার ফিলিং স্টেশন ও আইডিয়াল ফিলিং স্টেশনে তেল দেওয়া বন্ধ রয়েছে। তবে তেজগাঁও এলাকার মেসার্স সততা অ্যান্ড কোম্পানি, বিজয় সরণি এলাকার ট্রাস্ট ফিলিং স্টেশন এবং মহাখালী এলাকার ক্লিন ফুয়েল স্টেশনে দীর্ঘ সারিতে যানবাহনে তেল দেওয়া হচ্ছে। বিশেষ করে বিজয় সরণি এলাকার ট্রাস্ট ফিলিং স্টেশন থেকে তেল নেওয়ার জন্য ব্যক্তিগত গাড়ির ও মোটরসাইকেলের সারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান ফটক পর্যন্ত পৌঁছে গেছে। ফিলিং স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে। এর বেশি তেল দেওয়া হচ্ছে না।

মেসার্স সততা অ্যান্ড কোম্পানির ফিলিং স্টেশনে কর্মীরা জানান, পাম্পে তেল মজুদ কম আছে। তাই বেশি তেল দেওয়া হচ্ছে না।

নাখালপাড়া নিবাসী আরমান হক মুন্না বলেন, “ভেবেছিলাম সকালে ঈদের নামাজ শেষে বিজয় সরণি এলাকার ট্রাস্ট ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে তেল নেবো। কিন্তু পেট্রোল পাম্পে এসে দেখি দীর্ঘ লাইন। তাই ভাবছি রাতে এসে নেবো।’’

ট্রাস্ট ফিলিং স্টেশনের একজন কর্মী বলেন, তেলের সংকট নেই। সিরিয়াল অনুযায়ী তেল সরবরাহ করা হচ্ছে।

ঢাকা/এনটি/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়