জিয়া উদ্যানে ঈদের আনন্দে জনস্রোত
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ঈদুল ফিতরের ছুটির দিনটিকে ঘিরে রাজধানীর অন্যতম বিনোদনকেন্দ্র জিয়া উদ্যানে মানুষের ঢল নেমেছে। দুপুর গড়াতেই পরিবার-পরিজন, বন্ধু-স্বজন নিয়ে হাজারো মানুষ ছুটে আসেন এখানে। প্রিয়জনদের সঙ্গে খোলা আকাশের নিচে সময় কাটাতে পেরে আনন্দে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
শনিবার (২১ মার্চ) দুপুরের পর থেকেই উদ্যানের প্রবেশপথে দেখা যায় মানুষের ভিড়। কেউ স্ত্রী-সন্তান, কেউ বৃদ্ধ বাবা-মাকে নিয়ে ভেতরে ঢুকছেন। শিশুদের কোলাহল, তরুণদের উল্লাস আর পরিবারগুলোর হাসি আনন্দে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। উদ্যানের সবুজ ঘাসে বসে কেউ গল্প করছেন, কেউ মোবাইল ফোনে ছবি তুলছেন, আবার কেউ হাঁটছেন নিরিবিলি পথ ধরে।
মিরপুর থেকে পরিবার নিয়ে আসা মিনার মানসুর বলেন, ‘‘এবার বাড়ি যাইনি। রোজায় স্বাভাবিকভাবেই পরিবার নিয়ে বের হতে পারিনি। ঈদের দিন বাসায় বসে থাকতে ভালো লাগে না। তাই বাচ্চাদের নিয়ে এখানে এসেছি। খোলা পরিবেশে একটু সময় কাটাতে পারছি এটাই বড় আনন্দ।’’
মোহাম্মদপুর থেকে আসা গৃহিণী সুমাইয়া তারা বলেন, ‘‘ঢাকার মধ্যে এমন খোলা জায়গা খুব বেশি নেই। ঈদের দিনটাতে সবাই মিলে এখানে আসা আমাদের জন্য একটা আনন্দের ব্যাপার। নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়ার মতো। পরিবার নিয়ে নিশ্চিন্তে ঘোরাফেরা করা যাচ্ছে।’’
বন্ধুদের সঙ্গে ঘুরতে আসা বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তানভীর হাসান বলেন, ‘‘সারা মাস রোজা আর পড়াশোনার চাপ ছিল। আজকে একটু স্বস্তির দিন। বন্ধুদের সঙ্গে এখানে এসে ভালো লাগছে।’’
এদিকে ঈদের দিনকে কেন্দ্র করে উদ্যানের ভেতরে অস্থায়ী খাবারের দোকান ও ভ্রাম্যমাণ বিক্রেতাদের উপস্থিতি বেড়েছে। ফুচকা, চটপটি, আইসক্রিম, ঝালমুড়ি বিভিন্ন খাবারে জমে উঠেছে বেচাকেনা। বিক্রেতা কামাল হোসেন বলেন, ‘‘ঈদের দিন মানুষ বেশি আসে, তাই বিক্রিও ভালো হয়। সকাল থেকেই ক্রেতার চাপ আছে, বিকেল হলে আরও বাড়বে।’’
উদ্যানে ঘুরে ঘুরে শিশুদের জন্য বেলুন, খেলনা, রঙিন বাতাসা বিক্রি করতেও দেখা গেছে অনেককে। অভিভাবকেরা সন্তানদের আনন্দ দিতে এসব কিনে দিচ্ছেন, আর শিশুরা উচ্ছ্বাসে মেতে উঠছে। সব মিলিয়ে উদ্যানজুড়ে যেন এক প্রাণবন্ত উৎসবের আবহ তৈরি হয়েছে।
ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। উদ্যানের প্রবেশপথে পুলিশ সদস্যদের তল্লাশি কার্যক্রম চোখে পড়ে। ভেতরে সাদা পোশাকে সদস্যরা নজরদারি করছেন, পাশাপাশি নিয়মিত টহলও জোরদার করা হয়েছে।
এ প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশ বিভাগের কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, ‘‘ঈদকে কেন্দ্র করে নগরবাসী যেন নিরাপদে আনন্দ করতে পারেন, সে জন্য জিয়া উদ্যানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রবেশপথে চেকপোস্ট বসানো হয়েছে, সিসিটিভির আওতায় আনা হয়েছে পুরো এলাকা। ইউনিফর্মের পাশাপাশি সাদা পোশাকেও সদস্য মোতায়েন রয়েছে।’’
‘‘আমরা দর্শনার্থীদের প্রতিও অনুরোধ করছি, কেউ যেন সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানান। সবার সহযোগিতা থাকলে ঈদের আনন্দ আরও নিরাপদ হবে,’’ বলেন তিনি।
দিন যত গড়াচ্ছে, উদ্যানে বাড়ছে মানুষের ভিড়। অনেকে পরিবার নিয়ে পিকনিকের মতো করে সময় কাটাচ্ছেন, আবার কেউ স্বল্প সময়ের জন্য এসে ঘুরে যাচ্ছেন। ঈদের ছুটিতে সবুজের মাঝে কিছুটা স্বস্তি আর প্রিয়জনদের সঙ্গে নির্ভার সময় কাটানোর সুযোগের কারণে রাজধানীবাসীর প্রিয় জায়গা হয়ে উঠছে জিয়া উদ্যান।
ঢাকা/এএএম//