‘জুলাইযোদ্ধা সুরক্ষা অধ্যাদেশ’ বিল আকারে পাসের বিষয়ে ঐকমত্য: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
‘জুলাই যোদ্ধা সুরক্ষা অধ্যাদেশ' বিল আকারে জাতীয় সংসদে উপস্থাপন এবং তা পাসের বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জুলাই যোদ্ধাদের দায়মুক্তি এবং আইনি ও সাংবিধানিক সুরক্ষা দেওয়ার বিষয়ে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। অঙ্গীকারনামার ৬ নম্বর দফার আলোকে অন্তর্বর্তী সরকারের সময় ‘জুলাই যোদ্ধা সুরক্ষা অধ্যাদেশ' জারি করা হয়েছিল। অন্তর্বর্তীকালীন সময়ে জারি হওয়া ১৩৩টি অধ্যাদেশের মধ্যে এটিও রয়েছে, যা বর্তমানে যাচাই-বাছাইয়ের জন্য সংসদীয় বিশেষ কমিটির কাছে উপস্থাপন করা হয়েছে।”
তিনি আরো বলেন, “আগামী ২ তারিখে অনুষ্ঠিত বিশেষ কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং সেখানে সর্বসম্মতিক্রমে অধ্যাদেশটিকে বিল আকারে সংসদে উপস্থাপন করে পাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আন্দোলনের সময় রাজপথে ছাত্র-জনতার ওপর ‘হানাদার বাহিনীর মতো' হামলা চালানো হয়েছিল এবং ভয়াবহ হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিল। এ সময় অনেকে নিহত ও আহত হয়েছেন।”
তবে এসব ঘটনা তৎকালীন উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটেই নিষ্পত্তি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে জাতীয় সংসদের সব সদস্য একমত পোষণ করেছেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
ঢাকা/আসাদ/সাইফ
‘জুলাই যোদ্ধা সুরক্ষা অধ্যাদেশ’ বিল আকারে পাসের বিষয়ে ঐকমত্য: স্বরাষ্ট্রমন্ত্রী