ঢাকা     বুধবার   ০১ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ১৯ ১৪৩২ || ১৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পাচার হওয়া ২৩৪ বিলিয়ন ডলার ফেরাতে উদ্যোগ জোরদার: প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৫, ১ এপ্রিল ২০২৬  
পাচার হওয়া ২৩৪ বিলিয়ন ডলার ফেরাতে উদ্যোগ জোরদার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিগত সরকারের সময় বাংলাদেশ থেকে বিপুল অঙ্কের অর্থ পাচারের তথ্য তুলে ধরে তা পুনরুদ্ধারে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদে তিনি জানান, প্রাথমিক হিসাবে ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে দেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে, যা ফেরাতে সরকার কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া জোরদার করেছে।

বুধবার (১ এপ্রিল) সংসদে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ তথ্য তুলে ধরেন। 

আরো পড়ুন:

প্রধানমন্ত্রী বলেন, ‘‘অন্তর্বর্তী সরকারের গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির তথ্যমতে, বছরে গড়ে প্রায় ১৬ বিলিয়ন ডলার  অবৈধভাবে দেশ থেকে বেরিয়ে গেছে, যা দেশের অর্থনীতির জন্য বড় ধাক্কা। পাচার হওয়া অর্থ ফেরত আনার লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো হচ্ছে। এ জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও হংকং–চীনকে সম্ভাব্য গন্তব্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে কয়েকটি দেশের সঙ্গে ইতোমধ্যে পারস্পরিক আইনগত সহায়তা চুক্তি (এমএলএটি) স্বাক্ষরের প্রক্রিয়া এগোচ্ছে।’’

তিনি আরও জানান, পাচারকারীদের শনাক্ত ও আইনি ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে একটি আন্তঃসংস্থা টাস্কফোর্স কাজ করছে। পাশাপাশি দুর্নীতি দমন কমিশন (দুদক), সিআইডি, এনবিআরের গোয়েন্দা ইউনিট এবং শুল্ক গোয়েন্দা সংস্থার সমন্বয়ে ১১টি যৌথ তদন্ত দল গঠন করা হয়েছে।

সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে-বিদেশে এখন পর্যন্ত প্রায় ৭০ হাজার ৪৪৬ কোটি টাকার সম্পদ আদালতের মাধ্যমে জব্দ ও অবরুদ্ধ করা হয়েছে। এর পাশাপাশি পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে ১৪১টি মামলা হয়েছে, যার মধ্যে কয়েকটি মামলায় চার্জশিট ও রায় দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘‘দুর্নীতি, মানি লন্ডারিং ও আর্থিক অপরাধ দমনের অংশ হিসেবে বিদেশে পাচার হওয়া সম্পদ ফেরত আনা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।’’
পূর্ববর্তী সময়ে সংঘটিত অর্থপাচার ও দুর্নীতির পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরতে একটি শ্বেতপত্র প্রকাশ এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া সরকারের নির্বাচনি অঙ্গীকারের অংশ বলেও তিনি উল্লেখ করেন। 

ঢাকা/এএএম//

সর্বশেষ

পাঠকপ্রিয়