ঢাকা     বুধবার   ০১ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ১৯ ১৪৩২ || ১৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শারমিন হত্যার বিচার দাবিতে জাবিতে মানববন্ধন

জাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩০, ১ এপ্রিল ২০২৬  
শারমিন হত্যার বিচার দাবিতে জাবিতে মানববন্ধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও মৌন মিছিল করেছেন শিক্ষার্থীরা। বুধবার (১ এপ্রিল) সকালে ক্যাম্পাসজুড়ে এ কর্মসূচিতে অংশ নিয়ে তারা দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।

সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অমর একুশে ভাস্কর্যের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা প্রথমে একটি মৌন মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

আরো পড়ুন:

সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে ছিল বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড। তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক-প্রশাসন বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী শারমিন জাহান খাদিজা হত্যার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা বলেন, “ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে দোষীদের আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এমন ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানাচ্ছি।”

নিহত শারমিনের মা ফরিদা ইয়াসমিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমি আমার মেয়েটাকে বিয়ে দিয়েছি, কিন্তু কীভাবে কী হলো তা জানি না। যারা আমার মেয়েকে হত্যা করেছে, তাদের বিচার চাই।”

জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, “শারমিন জাহান তার ভাড়া বাসায় স্বামীর হাতে নৃশংসভাবে নিহত হয়েছেন বলে অভিযোগ রয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। মামলার অগ্রগতি আমরা পর্যবেক্ষণে রেখেছি, যাতে কোনো ধরনের হস্তক্ষেপ বিচারপ্রক্রিয়াকে ব্যাহত না করতে পারে।”

লোক-প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক হরে কৃষ্ণ কুন্ডু বলেন, “দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হয়নি। বিচারহীনতা চলতে থাকলে অপরাধ বাড়বে। তাই দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি।”

সমাবেশ থেকে শিক্ষার্থীরা সতর্ক করে বলেন, “মামলার সুষ্ঠু অগ্রগতি না হলে ভবিষ্যতে আরো কর্মসূচি দেওয়া হবে।”

গত ১৫ মার্চ সাভারের একটি ভাড়া বাসা থেকে শারমিন জাহানের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার স্বামী, ঢাকা কলেজের শিক্ষার্থী ফাহিম আল হাসানের বিরুদ্ধে আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয় এবং একই দিন তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার দুই দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হলে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত ২৪ মার্চ আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। বর্তমানে মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

ঢাকা/আহসান/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়