‘বিচারাধীন বিষয়ে মন্তব্য নয়’ শপথ ভঙ্গ অভিযোগে সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তার বিরুদ্ধে ওঠা শপথ ভঙ্গ ও সংবিধান লঙ্ঘনের অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেছেন, বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন থাকায় এ নিয়ে কথা বলা মন্তব্য করা ঠিক হবে না।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচন পর্যবেক্ষণের জন্য গঠিত আইনশৃঙ্খলা সমন্বয় সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, “বিষয়টি নিয়ে হাইকোর্টে একটি মামলা হয়েছে। বিচারাধীন বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।”
সম্প্রতি জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, প্রধান নির্বাচন কমিশনার সংবিধানের বাইরে গিয়ে ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে শপথ নেওয়ার ফরম বিতরণ করে শপথ ভঙ্গ ও সংবিধান লঙ্ঘন করেছেন।
সংসদে তিনি সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ ও তফসিল উদ্ধৃত করে বলেন, গত বছরের জারি করা ‘সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ-২০২৫’ আইনি ভিত্তিহীন। তার ভাষ্য অনুযায়ী, সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার সংবিধান সংরক্ষণের শপথ নিলেও তিনি কোনো আইনের বলে ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে শপথ নেওয়ার ফরম জাতীয় সংসদ সচিবালয়ে পাঠিয়েছেন, তা স্পষ্ট নয়।
মন্ত্রী আরো বলেন, এ ধরনের কোনো ফরম দাখিল করার এখতিয়ার সিইসির নেই এবং এ কাজের মাধ্যমে তিনি শপথ ভঙ্গ ও সংবিধান লঙ্ঘন করেছেন।
ঢাকা/এমএসবি/ইভা