ঢাকা     মঙ্গলবার   ২৮ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৫ ১৪৩৩ || ১০ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঢাকায় বৃষ্টিতে ভোগান্তি 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৯, ২৮ এপ্রিল ২০২৬   আপডেট: ১৩:০২, ২৮ এপ্রিল ২০২৬
ঢাকায় বৃষ্টিতে ভোগান্তি 

সকালের বৃষ্টিতে ভোগান্তিতে পড়তে হয় অনেককে। ছবি: রায়হান হোসেন

টানা কয়েকদিনের তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমের পর ঢাকায় বৃষ্টি হওয়ায় কিছুটা স্বস্তি এলেও ভোগান্তিতে পড়তে হয়েছে কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীদের। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে রাজধানীর নিউমার্কেট জিগাতলাসহ বিভিন্ন এলাকার ঘুরে দেখা যায়, বৃষ্টির জন্য সড়কের কিছু স্থানে পানি জমে গেছে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। রিকশা, অটোরিকশাতেও চালকরা বাড়তি ভাড়া আদায় করছেন বলে অভিযোগ করেছেন যাত্রীরা। 

ঢাকার জিগাতলার বাসিন্দা বেসরকারি চাকরিজীবী মো. সাইফুল ইসলাম সজীব রাইজিংবিডি ডটকমকে বলেন, “এই রাস্তায় সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। বিভিন্ন সময় সিটি করপোরেশন থেকে বলা হয়েছে সমস্যার সমাধান করবে। কিন্তু তা আশ্বাসে থেমে আছে। ফলে সামান্য বৃষ্টি হলেই হাঁটু পানি পার হয়ে যেতে হয় বাসস্ট্যান্ড। এতে জুতাসহ পোশাক নষ্ট হয়ে যায়।”

ঢাকায় বৃষ্টির কারণে সৃষ্টি হয় তীব্র যানজট। ছবি: রায়হান হোসেন


একই এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী সামিউল ইসলাম বলেন, “এই রাস্তায় সামান্য বৃষ্টি‌ হলে দোকানে পানি উঠে মালামাল নষ্ট হয়ে যায়। এজন্য দোকানে সামনে ইট দিয়ে উঁচু করে দিয়েছি। আর প্রতিবছর তো রাস্তা খোঁড়াখুঁড়ি তো আছেই। জলাবদ্ধতা মূল সমস্যা ড্রেনেজ সমস্যা। বৃষ্টি হলে সিটি করপোরেশন মেশিন দিয়ে পানি গড়িয়ে দেয়। এটা কোন সমাধান না। আমরা স্থায়ী সমাধান চাই।”

ঢাকা ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সিয়াম সাহবাবার অভিভাবক কাজী নাবিলা আক্তার রাইজিংবিডি ডটকমকে বলেন, “বাচ্চাকে নিয়ে স্কুলে আসা আজকে যুদ্ধ জয়ের মতো। আমার ছেলের আজ কোচিংয়ে পরীক্ষা ছিল। রিকশা পাওয়া যাচ্ছে না, আর পাওয়াই গেলেও ভাড়া চাচ্ছে তিনগুণ। বাধ্য হয়ে নোংরা পানির ওপর দিয়ে হেঁটে যেতে হয়েছে। এই শহরে বৃষ্টি মানেই আমাদের জন্য অভিশাপ। ঘর থেকে বের হওয়া মানেই এক বিশাল ভোগান্তি।”

আবহাওয়া অফিস জানায়, আজ দিনের শুরুতে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী কয়েক দিন দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

ঢাকা/রায়হান/ইভা  

সর্বশেষ

পাঠকপ্রিয়