স্থায়ী কর্মসংস্থানের দাবি এলএসপিদের, আন্দোলনের হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পে চার হাজার দুইশ প্রশিক্ষিত লাইভস্টক সার্ভিস প্রোভাইডারদের (এলএসপি) ইউনিয়নভিত্তিক স্থায়ী কর্মসংস্থানের দাবি জানিয়েছে বাংলাদেশ এলএসপি ঐক্য পরিবার। দাবি পূরণ না হলে আগামী ৭ জুনের মধ্যে কর্মসূচি ঘোষণা করে আমরণ অনশন ও ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (১২ মে) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ‘বাংলাদেশ এলএসপি ঐক্য পরিবার’ কেন্দ্রীয় কমিটির আয়োজনে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির সদস্যসচিব মো. শরীফ হোসেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পে গত প্রায় সাত বছর ধরে চার হাজার দুইশ প্রশিক্ষিত এলএসপি মাঠপর্যায়ে কাজ করছেন। খামারিদের প্রাণিসম্পদ সেবা প্রদান, নিরাপদ প্রাণিজ প্রোটিন উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং আধুনিক প্রাণিসেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এলএসপি কর্মীরা। তারা বিভিন্ন প্রাণঘাতী রোগ নিয়ন্ত্রণে স্থানীয় পর্যায়ে দ্রুত ও কার্যকর সেবা দিয়েছেন। পাশাপাশি ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশন পর্যায়ে প্রায় দুই লাখ ৬০ হাজার খামারিকে নিয়ে ছয় হাজার পাঁচশ উৎপাদনকারী দল (পিজি) গঠন করা হয়েছে। এসব দলের সদস্যদের প্রশিক্ষণ ও সঞ্চয় কার্যক্রম পরিচালনার মাধ্যমে বর্তমানে বাংলাদেশ কৃষি ব্যাংকে প্রায় ১৩০ কোটি টাকার সঞ্চয় জমা রয়েছে।
বাংলাদেশ এলএসপি ঐক্য পরিবারের সদস্য সচিব বলেন, প্রকল্পটির মেয়াদ গত ৩১ মার্চ শেষ হয়ে যাওয়ায় এলএসপিদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়েছে। প্রকল্প চলাকালে তারা স্থায়ী কর্মসংস্থানের দাবিতে বিভিন্ন সময় প্রধান উপদেষ্টা, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, প্রাণিসম্পদ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি দিয়েছেন এবং একাধিক সংবাদ সম্মেলন, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। সম্প্রতি প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে তাদের কর্মসংস্থানের বিষয়ে দুই দফা সুপারিশ মন্ত্রণালয়ে পাঠানো হলেও এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।
এ সময় তিনি দাবি পূরণ না হলে আমরণ অনশন ও ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি দেন।
ঢাকা/রায়হান//
রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত থাকবে আর্থিক খাত: অর্থমন্ত্রী