ঈদের ছুটি শেষ, ফিরতি যাত্রায় স্বস্তি ঢাকামুখী মানুষের
পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। সোমবার (১ জুন) থেকে দেশজুড়ে পুরোদমে খুলছে সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। ফলে, ঈদে নাড়ির টানে গ্রামে ছুটে যাওয়া মানুষ প্রিয়জনদের মায়া ছেড়ে আবারও ঢাকামুখী হচ্ছেন।
রবিবার (৩১ মে) রাজধানীর প্রধান অন্যতম প্রবেশদ্বার গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, দেশের উত্তর ও পশ্চিমাঞ্চল থেকে বাসে করে ঢাকায় ফিরছেন অসংখ্য মানুষ। এবার ফিরতি যাত্রার চিরচেনা ভোগান্তি, উপচে পড়া ভিড় কিংবা ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকার মতো চিত্র দেখা যায়নি। অনেকটাই স্বস্তিতে ও নির্বিঘ্নে নগরে ফিরছেন যাত্রীরা।
হুড়োহুড়ি এড়াতে আগেভাগেই ফেরা
টার্মিনালে নামা যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, শেষ মুহূর্তের হুড়োহুড়ি আর মহাসড়কের জ্যামের ধকল এড়াতেই তারা এক দিন আগেই ঢাকায় চলে এসেছেন।
বগুড়া থেকে আসা বেসরকারি চাকরিজীবী রাজু আহমেদ বলেন, “এবার পরিবারের সাথে ঈদের আনন্দটা দারুণ কেটেছে। আগামীকাল সকাল ৯টা থেকেই অফিস খোলা। শেষ মুহূর্তের ভোগান্তি এড়াতে আজই চলে এলাম। রাস্তায় কোনো জ্যাম পাইনি, খুব শান্তিতেই ঢাকা পৌঁছালাম।”
একই স্বস্তির কথা জানালেন কুষ্টিয়া থেকে আসা বেসরকারি ব্যাংক কর্মকর্তা কামরুল হাসান। তিনি বলেন, “সোমবার থেকে ব্যাংকের লেনদেন পুরোদমে শুরু হবে। ঢাকা প্রবেশমুখে গাবতলীতে সাধারণত যে যানজট থাকে, আজ তা একদমই ছিল না। গ্রামে মা-বাবার কাছে সন্তানকে রেখে আসতে খারাপ লাগছে, তবে ঈদযাত্রার ফিরতি পথটা এবার বেশ আরামদায়ক ছিল।”
রংপুর থেকে আসা মাল্টিন্যাশনাল কোম্পানির কর্মকর্তা খালিদ তালুকদার জানান, ঈদের পর সাধারণত টিকিট পাওয়া ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়ায়। তবে, আগেভাগেই ফিরতি টিকিট কেটে রাখায় এবার কোনো সমস্যায় পড়তে হয়নি।
ধাপে ধাপে ফিরছেন মানুষ, শিডিউল ঠিক আছে বাসের
পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের ছুটি এবার দীর্ঘ হওয়ায় মানুষ একযোগে না ফিরে ধাপে ধাপে ফিরছেন। ফলে, মহাসড়ক ও টার্মিনালগুলোতে বাড়তি কোনো চাপ তৈরি হয়নি।
গাবতলী বাস টার্মিনালে হানিফ এন্টারপ্রাইজের কাউন্টার মাস্টার মো. আবু বকর বলেন, “আজ সকাল থেকে ঢাকামুখী যাত্রীদের আগমন শুরু হলেও কোনো উপচে পড়া ভিড় নেই। মানুষ বেশ আরামে, যানজট ছাড়াই ঢাকায় ফিরতে পারছেন। আগামীকাল অফিস খুললেও অনেকে হয়তো আরো দু’-এক দিন বাড়তি ছুটি নিয়েছেন, যার কারণে আজকে চাপ কিছুটা কম। তবে, আজ রাত থেকে আগামী কয়েকদিন ঢাকামুখী মানুষের চাপ ক্রমান্বয়ে বাড়বে। এখন পর্যন্ত প্রতিটি বাস শিডিউল মেনেই ঢাকায় প্রবেশ করেছে।”
সংশ্লিষ্টদের ধারণা, আগামী বুধ ও বৃহস্পতিবারের মধ্যে ঢাকার বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পুরোদমে চালু হলে রাজধানী আবার তার চেনা ব্যস্ত রূপে ফিরে যাবে।
ঢাকা/রায়হান/রফিক