ঢাকা     রোববার   ৩১ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৭ ১৪৩৩ || ১৫ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আদ্‌-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০২, ৩১ মে ২০২৬   আপডেট: ২১:১১, ৩১ মে ২০২৬
আদ্‌-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (৩১ মে) বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) হাসপাতালটিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। তার সঙ্গে সিটি কর্পোরেশনের সহকারী পরিচালক, আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তা, নিরাপদ খাদ্য পরিদর্শক ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, খাদ্য সংরক্ষণব্যবস্থা এবং সার্বিক পরিবেশ পরিদর্শন করা হয়। পরিদর্শনে একাধিক অনিয়ম শনাক্ত হয়।

অভিযান শেষে প্রেস ব্রিফিংয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বলেন, “হাসপাতালের কিছু অংশে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়া গেছে। এছাড়া বিস্কুটসহ কয়েকটি খাদ্যপণ্যের লেবেলিংয়ে ত্রুটি এবং খাদ্য সংরক্ষণের স্থান নোংরা অবস্থায় পাওয়া যায়। এসব অনিয়মের কারণে নিরাপদ খাদ্য আইনে ২ লাখ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেছে।”

তিনি আরো বলেন, “ব্লাড ব্যাংক ছাড়া হাসপাতালের অন্যান্য ওয়ার্ডের রেফ্রিজারেটরে তাপমাত্রা পরিমাপের মিটার পাওয়া যায়নি। শুধু চিকিৎসকদের চেম্বারে থাকা কয়েকটি রেফ্রিজারেটরে এ ধরনের মিটার ছিল। হাসপাতালের স্বাস্থ্যবিধি ও খাদ্য নিরাপত্তা ব্যবস্থাপনায় ঘাটতির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।”

এ সময় হাসপাতাল ভবনে বেকারির বিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, “বেকারিটি বন্ধ অবস্থায় পাওয়া গেছে। তবে, হাসপাতালের ভবনের ভেতর থেকেই সেখানে প্রবেশ করা সম্ভব হয়েছে এবং একই ভবনের মধ্যেই বেকারিটির অবস্থান দেখা গেছে।”

তিনি বলেন, “হাসপাতাল কর্তৃপক্ষকে দ্রুত সব ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরকেও জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অনিয়ম দূর না হলে পুনরায় অভিযান চালিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সম্প্রতি আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ ঘটনার কারণ অনুসন্ধান এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবিতে সংশ্লিষ্টদের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি আগামী ৩ জুন এ বিষয়ে প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

ঢাকা/এমএসবি/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়