গড়াই নদে ফেলে দেওয়া সেই শিশুর লাশ উদ্ধার
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুষ্টিয়ার হরিপুর সেতু থেকে গড়াই নদে ফেলে দেওয়া সেই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির নাম আব্দুল হাদি (৪ মাস)।
রবিবার (৩১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উলুবাড়িয়া নামক স্থানে গড়াই নদের তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শিশুটি কুষ্টিয়া সদর উপজেলার হাটশ-হরিপুর গ্রামের আব্দুল আলিম ও যমুনা খাতুন দম্পতির ছেলে। গত ২৯ মে শিশুটিকে হরিপুর সেতুর ওপর থেকে নদে ফেলে দেন তার মা। পরে শিশুটির মাও নদে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
স্থানীয়রা জানায়, রবিবার বিকেলে নদের পাড়ে যাওয়া মানুষজন একটি শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
শৈলকুপার লাঙ্গলবাধ পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক আনিছুজ্জামান বলেন, “আলিম ও যমুনা দম্পতির মধ্যে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য সৃষ্টি হয়। এরপর যমুনা শিশু আব্দুল হাদিকে নিয়ে হরিপুর সেতুর ওপর থেকে ফেলে দিয়ে নিজেও নদে ঝাঁপ দেন। স্থানীয়রা যমুনাকে উদ্ধার করতে পারলেও শিশুটি নিখোঁজ ছিল।”
ঢাকা/কাঞ্চন/রাজীব