প্রাক্তন আইজিপি আনোয়ারুল ইকবালের দাফন সম্পন্ন
জিসান || রাইজিংবিডি.কম
আইজিপির কফিনে শ্রদ্ধা নিবেদন
নিজস্ব প্রতিবেদক : বীর মুক্তিযোদ্ধা, তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন উপদেষ্টা ও আইজিপি মোহাম্মদ আনোয়ারুল ইকবালের মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।
বৃহস্পতিবার বাদ জোহর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, আইজিপি এ কে এম শহীদুল হক, পুলিশের বর্তমান ও সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সদস্য, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব অংশগ্রহণ করেন।
জানাজা শেষে আইজিপি শহীদুল হক রাজারবাগ পুলিশ লাইন্স্ প্রাঙ্গনে উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। বিকেল চারটার দিকে তার দাফন সম্পন্ন হয়।
এর আগে বৃহস্পতিবার সকাল আটটায় মরহুমের মরদেহ দুবাই থেকে এমিরেটস এয়ারের একটি বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছে।
বাংলাদেশ পুলিশের পক্ষে অ্যাডিশনাল আইজি মোঃ মইনুর রহমান চৌধুরী মরদেহ গ্রহণ করেন। এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং মরহুমের আত্মীয়স্বজন বিমান বন্দরে উপস্থিত ছিলেন।
বিমান বন্দর থেকে মরদেহ মরহুমের উত্তরাস্থ বাসভবনে নেওয়া হয়। সেখান থেকে জাতীয় পতাকায় মোড়ানো মরহুমের কফিন রাজারবাগ পুলিশ লাইনসে আনা হয়।
আনোয়ারুল ইকবাল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) প্রতিষ্ঠাতা মহাপরিচালক ছিলেন। তিনি ২০০৬ সালে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল হিসেবে পদোন্নতি লাভ করেন।
তিনি ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের এলজিআরডি, বস্ত্র, পাট এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। একজন দক্ষ, সৎ ও পেশাদার কর্মকর্তা হিসেবে পুলিশ বাহিনীতে তাঁর যথেষ্ট সুনাম রয়েছে।
প্রসঙ্গত, আনোয়ারুল ইকবাল গত ১৫ জানুয়ারি বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে স্থানীয় সময় রাত সাড়ে আটটায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী মিসেস ডোরা আনোয়ার, কন্যা ফাহবিন আনোয়ার ও তাসিন আনোয়ারসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
রাইজিংবিডি/ঢাকা/ ২২ জানুয়ারি ২০১৫/জিসান/নওশের
রাইজিংবিডি.কম
লিবিয়ায় ভূমধ্যসাগরের তীর থেকে ২ বাংলাদেশির মৃতদেহ উদ্ধার