ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘সরকার চাইলে চিকিৎসার জন‌্য খালেদা জিয়া বিদেশে যেতে পারবেন’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১২, ২৯ আগস্ট ২০২০   আপডেট: ১৭:৫১, ৩০ আগস্ট ২০২০
‘সরকার চাইলে চিকিৎসার জন‌্য খালেদা জিয়া বিদেশে যেতে পারবেন’

খালেদা জিয়া (ফাইল ফটো)

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য সরকার বিদেশ যেতে অনুমতি দেবে বলে আশা প্রকাশ করেছেন তার আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। এছাড়া সাজা স্থগিতের মেয়াদ সরকার বাড়াবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শনিবার (২৯ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

মাহবুব উদ্দিন বলেন, খালেদা জিয়ার বিদেশ যেতে আদালতের অনুমতির প্রয়োজন নেই। সরকারের সিদ্ধান্তেই তিনি বিদেশ যেতে পারবেন।

এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো ও মামলা নিয়ে আলোচনা করতে খালেদার সঙ্গে সাক্ষাৎ করতে যান ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

এদিকে, শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন করেছে তার পরিবার।  বিষয়টি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। একটি বেসরকারি টেলিভিশনকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেগম জিয়ার ছোট ভাই আবেদন করেছেন। পরবর্তী কার্যক্রমের জন্য আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে পরিবারের পক্ষ থেকে আবেদন করেন বেগম জিয়ার ছোট ভাই শামিম ইস্কান্দার।

গত ২৫ মার্চ দুই শর্তে মানবিক কারণে সরকারের নির্বাহী আদেশে সাজা স্থগিতাদেশের পর ছয় মাসের জন্য মুক্তি পান খালেদা জিয়া।  সেই সাজার মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৫ সেপ্টেম্বর।  দুর্নীতির মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কেন্দ্রীয় কারাগারে যান বেগম জিয়া। পরে শারীরিক অসুস্থতার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।

মেহেদী/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়