‘খালেদা জিয়াকে বিদেশ যেতে হলে কারাগারে গিয়ে আবেদন করতে হবে’
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যেতে হলে কারাগারে গিয়ে নতুন করে আবেদন করতে হবে।
শনিবার (২৮ আগস্ট) রাজধানীর একটি হোটেল ‘ল’ রিপোর্টার্স ফোরাম ও এমআরডিআই’র যৌথ আয়োজনে এক কর্মশালায় তিনি এ তথ্য জানান।
‘ল’ রিপোর্টার্স ফোরামের সেক্রেটারি মুহাম্মদ ইয়াছিনের সঞ্চালনায় কর্মশালায় আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান শাহীন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুর,‘ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি মাশহুদুল হক বক্তব্য রাখেন।
আইনমন্ত্রী বলেন, ‘ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী সরকারের অনুমতি সাপেক্ষে খালেদা জিয়ার বিদেশ যাওয়ার সুযোগ রয়েছে। তবে এজন্য আবারও তাকে জেলে যেতে হবে। এরপর তাকে আবেদন করতে হবে। কারণ যে আবেদনের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তি দেওয়া হয়েছে, তার আলোকে তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়ার কোনো সুযোগ নেই। সেই আবেদন নিষ্পতি হয়েছে।’
ডিজিটাল নিরাপত্তা আইন সংক্রান্ত্র এক এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একজন আরেকজনকে হেয় করে, অপদস্ত করে স্ট্যাটাসসহ যে কোনো তথ্য দিচ্ছে। এসব কারণে ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োজন আছে। গত তিনমাস লক্ষ্য করে দেখবেন ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার অনেকটাই কমেছে।’
অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিল শুনানির জন্য ১৫ সেপ্টেম্বরের আগেই বেঞ্চ নির্ধারণের জন্য আবেদন করতে অ্যাটর্নি জেনারেলকে বলা হয়েছে।’
ঢাকা/আসাদ/বুলাকী
দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না: প্রধানমন্ত্রী