তারেক রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন চার প্রার্থী
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চারজন স্বতন্ত্র প্রার্থী।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তারা এ ঘোষণা দেন।
নির্বাচন থেকে সরে দাঁড়ানো প্রার্থীরা হলেন—সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রেসিডেন্ট এস এম আবুল কালাম আজাদ, ডাব প্রতীকের প্রার্থী শামীম আহমেদ, আনারস প্রতীকের প্রার্থী মো. রাশেদুল হক এবং আপেল প্রতীকের প্রার্থী মঞ্জুর হুমায়ুন।
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচনি পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মুক্তিযোদ্ধা আবদুস সালাম জানান, তারেক রহমানের সঙ্গে আলোচনার পর চার স্বতন্ত্র প্রার্থী তাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে তারা নিজ নিজভাবে ঘোষণা দেবেন।
প্রকাশ্যে উপস্থিত থেকে এস এম আবুল কালাম আজাদ ও শামীম আহমেদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। অপর দুই প্রার্থী মুঠোফোনে তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন বলে জানান আবদুস সালাম।
ঢাকা/ আলী