অভিযোগ জানাতে রিটার্নিং অফিসারের কার্যালয়ে পাটওয়ারী
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি
ছয়টি কেন্দ্রের ফল পরিবর্তন করা হয়েছে এমন অভিযোগ নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে গেছেন ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরীর কার্যালয়ে যান তিনি।
সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল আইডয়াল স্কুল অ্যান্ড কলেজ, ইস্কাটন বালক উচ্চ বিদ্যালয়, পল্টনের পরিবার পরিকল্পনা কেন্দ্র, মাহবুব আলী ইনস্টিটিউট ও মির্জা আব্বাস কলেজে এসব অনিয়ম করা হচ্ছে বলে জানান নাসীরউদ্দীন পাটওয়ারীর প্রধান নির্বাচনি এজেন্ট শাহিন আহমেদ। এ সময় তিনি পাটওয়ারীর সঙ্গে ছিলেন।
তিনি অভিযোগ করে বলেন, ‘‘মির্জা আব্বাস কলেজে ১৫ ভোট বেশি পাওয়ার পরেও আবার ভোট গণনার জন্য এজেন্টদের আটকে রাখা হয়েছে। কেন্দ্রগুলোতে তিনবার ভোট গণনা করে এজেন্টদের আটকে রেখে বাতিল ভোট যুক্ত করে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।’’
‘‘উল্লিখিত কেন্দ্রগুলোতে আমরা এগিয়ে থাকার পরেও ফলাফল ঘোষণা করছে না। এগুলোর অভিযোগ দিতেই তিনি (পাটওয়ারী) এসেছেন,’’ বলেন শাহিন আহমেদ।
এ দিকে রাত ১০টা ৪২ মিনিটে নাসীরুদ্দীন পাটওয়ারী এ প্রসঙ্গে ফেসবুকে একটি পোস্ট দেন। তিনি লেখেন: “ফলাফল পরিবর্তনের চেষ্টা চলছে, সবাই সতর্ক থাকুন। নিজেদের ভোটকেন্দ্র পাহারা দিতে যারা এখনো আসেননি, এগিয়ে আসুন।”
পাটওয়ারীর পোস্টটি শেয়ার দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি ফেসবুকে লেখেন: “সবাই ঢাকা-৮ এ আসুন। ছাত্র-জনতার ভোটাধিকার রক্ষার্থে।”
ঢাকা/রায়হান/