সহিংসতার প্রতিবাদে সোমবার জামায়াত ঐক্যজোটের বিক্ষোভ
বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
দেশজুড়ে কর্মী ও সমর্থকদের ওপর হামলা ও সহিংসতার প্রতিবাদে আগামীকাল সোমবার বিকেল সাড়ে ৪টায় বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্যজোট।
আজ রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এক প্রেস ব্রিফিংয়ে এই কর্মসূচি ঘোষণা করেন ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
হামিদুর রহমান আযাদ বলেন, ‘‘আমরা ১১ দলীয় লিয়াজো কমিটির বৈঠকে আগামীকাল রাজপথে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করার সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল বায়তুল মোকাররম উত্তর গেটে মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে।কারণ নির্বাচন-পরবর্তী সহিংসতা বন্ধ করতে হবে।’’
‘‘নির্বাচন-পরবর্তী সহিংসতা বন্ধে জনগণকে সঙ্গে নিয়ে আমরা প্রতিবাদ করতে চাই,’’ বলেন তিনি।
দেশজুড়ে ৩২টি আসনে ফলাফল গণনায় কারচুপি হয়েছে অভিযোগ করে হামিদুর রহমান আযাদ বলেন, ‘‘আমাদের জোটের ৩২ প্রার্থীদের হারিয়ে দেওয়া হয়েছে। প্রার্থীরা এমন বক্তব্য দিয়েছেন। কিছু কেন্দ্রে অস্বাভাবিক ভোট কাস্টিং দেখানো হয়েছে। কোথাও কোথাও ভোট গণনায় সুষ্ঠু পরিবেশ ছিল না। অনেক জায়গায় ফলাফল শিটে কাটছাঁট, পেনসিলে লেখা, কোথাও ভুয়া পোলিং এজেন্টের স্বাক্ষর এবং কোথাও এজেন্টের স্বাক্ষর ছাড়াই ফল প্রকাশ করা হয়েছে।’’
ঢাকা/নঈমুদ্দীন//