ঢাকা     মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৫ ১৪৩২ || ২০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নারীর ক্ষমতায়ন ছাড়া উন্নয়ন সম্ভব নয়: ফখরুল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৬, ৯ মার্চ ২০২৬   আপডেট: ১৭:১৭, ৯ মার্চ ২০২৬
নারীর ক্ষমতায়ন ছাড়া উন্নয়ন সম্ভব নয়: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদের পিছিয়ে রেখে কোনো উন্নত রাষ্ট্র গড়া সম্ভব নয়। তাই নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার।”

সোমবার (৯ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজিত ‘শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারী সম্মাননা ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

মির্জা ফখরুল বলেন, “দেশের নানা প্রতিকূলতা পেরিয়ে অনেক নারী সমাজের অবহেলিত, নিপীড়িত ও দরিদ্র মানুষের জন্য আশার আলো হয়ে উঠেছেন। আজ যেসব নারীকে সম্মাননা দেওয়া হচ্ছে তারা শুধু নিজেদের জীবনই বদলাননি, বরং সমাজের বহু মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনছেন।”

তিনি বলেন, “একটি বড় রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে দেশের উন্নয়ন ও পুনর্গঠনের জন্য বিভিন্ন পরিকল্পনা ঘোষণা করেছেন। বিএনপি অতীতে যেমন ‘ভিশন ২০৩০’ এবং পরবর্তীতে রাষ্ট্র সংস্কারের জন্য ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছিল, সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারেও নারীর ক্ষমতায়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।”

মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী ইতোমধ্যে ৫০ লাখ দরিদ্র গ্রামীণ পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণা দিয়েছেন। এই কার্ড পরিবারের নারীর নামে দেওয়া হবে এবং এর মাধ্যমে প্রতি মাসে দুই থেকে আড়াই হাজার টাকা অথবা সমপরিমাণ খাদ্য সহায়তা দেওয়া হবে।”

এর উদ্বোধন আগামীকাল করা হবে বলেও তিনি জানান।

মির্জা ফখরুল বলেন, “বেগম খালেদা জিয়া নারীদের শিক্ষার জন্য যুগান্তকারী উদ্যোগ নিয়েছিলেন। তার সময় মেয়েদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করা হয়েছিল।বর্তমান সরকার সেই উদ্যোগকে আরো সম্প্রসারণ করে স্নাতক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার সুযোগ দেওয়ার পরিকল্পনা করেছে।”

তিনি আরো বলেন, “বর্তমান সরকার একটি বিধ্বস্ত অর্থনীতি ও রাষ্ট্র কাঠামো নিয়ে কাজ শুরু করেছে। তবে সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”

অনুষ্ঠানে আত্মনির্ভরশীল নারীদের হাতে সম্মাননা তুলে দিয়ে তিনি বলেন, “এসব নারীর সাহস ও এগিয়ে যাওয়ার মানসিকতা দেশের জন্য অনুপ্রেরণা। ভবিষ্যতেও নারীদের আরো এগিয়ে নিতে সরকার সব ধরনের সহযোগিতা করবে।”

তিনি এলজিইডিকে বাংলাদেশের উন্নয়নের একটি সফল প্রতিষ্ঠানের উদাহরণ উল্লেখ করে বলেন, “এই প্রতিষ্ঠানের সুনাম ধরে রেখে দেশের উন্নয়নে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।”

একই সঙ্গে তিনি উপস্থিত সবাইকে প্রধানমন্ত্রী ঘোষিত ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানান।

ঢাকা/আলী/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়