আতঙ্কমুক্ত জনকল্যাণমুখী রাষ্ট্র গঠন করতে হবে: সাইফুল
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
দেশে চলমান হত্যা, ধর্ষণ ও সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
তিনি বলেছেন, “গণআতঙ্ক থেকে মানুষকে মুক্তি দিয়ে জনকল্যাণমুখী রাষ্ট্র গঠন করতে হবে। একই সঙ্গে সুশাসন নিশ্চিত করে সরকারের কার্যকারিতা জনগণের সামনে তুলে ধরতে হবে।”
শুক্রবার (২২ মে) জাতীয় প্রেস ক্লাবে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ আয়োজিত ‘বিএনপি সরকারের তিন মাস-প্রাপ্তি ও প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “সাম্প্রতিক সময়ে রামিসাসহ একাধিক হত্যাকাণ্ড, ধর্ষণ ও নৃশংসতার ঘটনা ঘটেছে, যা সমাজে গভীর উদ্বেগ তৈরি করেছে। মক্তব ও মাদরাসাতেও এমন বর্বর ঘটনার পুনরাবৃত্তি সমাজকে আরো আহত করছে।”
সাইফুল হক বলেন, “ধর্ষণ ও সহিংসতার পেছনে দারিদ্র্য, সামাজিক বৈষম্য, আইনি দুর্বলতা ও অর্থনৈতিক বাস্তবতা কাজ করে। অনেক ক্ষেত্রে অপরাধীরা রাজনৈতিক পরিচয়ের আড়ালে নিজেদের রক্ষা করার চেষ্টা করে। তাই রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।”
তিনি বলেন, “শাহ আলী মাজার ভাঙচুর ও কুষ্টিয়ায় মাজারকেন্দ্রিক সহিংসতার মতো ঘটনাও উদ্বেগজনক। এসব ঘটনায় সরকারের কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।”
সরকারের তিন মাসের কার্যক্রম মূল্যায়নের জন্য যথেষ্ট নয় উল্লেখ করে তিনি বলেন, “রাতারাতি কোনো সরকার ম্যাজিক দেখাতে পারে না। তবে জনগণ এখনই সরকারের কার্যকারিতা দেখতে চায়।”
সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়িত হলে পরিস্থিতির উন্নতি সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরো বলেন, “জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ নিতে হবে এবং সংসদ, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের মধ্যে সমন্বয় বাড়াতে হবে।”
ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, “সমতা ও ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক গড়ে তুলতে হবে এবং গুরুত্বপূর্ণ বিষয়ে সংসদে আরো আলোচনার প্রয়োজন রয়েছে।”
ঢাকা/এমএসবি/এসবি
চ্যালেঞ্জিং হলেও এবারের ঈদযাত্রা স্বস্তির হবে: সড়কমন্ত্রী