ভয়ঙ্কর ভিলেন নির্মাতা শাহীন সুমন
রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম
পরিচালক শাহীন সুমন
রাহাত সাইফুল : চলচ্চিত্রের পর্দায় তারকাদের সাবলীল অভিনয় দেখে মুগ্ধ হন হাজারো দর্শক। কিন্তু যাদের স্পর্শে এমন চলচ্চিত্র নির্মিত হয় তাদেরকে খুব একটা পর্দায় দেখা যায় না। বরাবর পর্দার পেছনে থাকেন নির্মাতারা।
তবে নির্মাণের পাশাপাশি ঢাকাই চলচ্চিত্রে অভিনয় করেছেন- খান আতা, চাষী নজরুল ইসলাম, আমজাদ হোসেন, কাজী হায়াৎ, শাহ আলম কিরণসহ বেশ কয়েকজন গুণী নির্মাতা। এবার এ তালিকায় যোগ দিচ্ছেন জনপ্রিয় চিত্রপরিচালক শাহীন সুমন।
শাহীন সুমন পরিচালিত ভালোবেসে দিওয়ানা শিরোনামের সিনেমায় ভয়ঙ্কর ভিলেন চরিত্রে তাকে দেখা যাবে। এ সিনেমায় শাহীন সুমন প্রধান খল অভিনেতা। এর আগে খল চরিত্রের জন্য তিনি বেশ কয়েকবার প্রস্তাব পেয়েও রাজি হননি। এ সিনেমার গল্পও লিখেছেন তিনি। গল্পটি তার পছন্দ। তাই এমন চরিত্রে অভিনয়ের লোভ সামলাতে পারেননি বলে রাইজিংবিডিকে জানিয়েছেন এ নির্মাতা।
এ প্রসঙ্গে শাহীন সুমন রাইজিংবিডিকে বলেন, ‘অনেকদিন ধরেই দুই বন্ধুর উপর একটি সিনেমা নির্মাণ করব বলে গল্প লিখছিলাম। এ সিনেমাটি সময় নিয়ে মনের মতো করে নির্মাণ করব। এ ছাড়া এ সিনেমায় ভয়ঙ্কর ভিলেন চরিত্রে অভিনয় করব। আশা করছি, তা পারব।’
ত্রিভুজ প্রেমের এ সিনেমায় চিত্রনায়ক সুমিত, নবাগত চিত্রনায়ক আসিফ নুরের বিপরীতে অভিনয় করবেন নবাগত চিত্রনায়িকা অধরা। এ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখছেন অধরা। গতকাল ১৮ জানুয়ারি, রাজধানীর একটি রেস্তরায় ঘরোয়াভাবে চুক্তিবদ্ধ হন তারা। এ ছাড়া সিনিয়র নৃত্য পরিচালক কালু এ সিনেমায় খল চরিত্রে অভিনয় করবেন। নৃত্য পরিচালনা করবেন নুহরাজ।
শাহীন সুমন পরিচালিত সর্বশেষ সিনেমা গত বছর ঈদে মুক্তি পায়। শাকিব-অপু জুটির লাভ ম্যারেজ সিনেমাটি ছিল গত বছরের সার্বাধিক ব্যবসা সফল সিনেমা। এ নির্মাতার মিয়া বিবি রাজি সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।
শাহীন সুমন পরিচালিত উল্লেখযোগ্য সিনেমা হলো- সেদিন বৃষ্টি ছিল, জিরো থেকে টপ হিরো, জটিল প্রেম, অন্যরকম ভালোবাসা, ভালোবাসার রঙ, বিয়ে বাড়ী, জন্ম তোমার জন্য, রাস্তার ছেলে, মন যেখানে হৃদয় সেখানে, তুমি আমার প্রেম, সমাধি, সন্তান, আমার অহংকার।
রাইজিংবিডি/ঢাকা/১৯ জানুয়ারি ২০১৬/রাহাত/শান্ত
রাইজিংবিডি.কম
বিএনপি সরকারের প্রথম বাজেট অধিবেশন রবিবার