ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

লড়াই করে যাওয়া বার্সেলোনার ডিএনএ-তে আছে: পিকে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৫, ২৯ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
লড়াই করে যাওয়া বার্সেলোনার ডিএনএ-তে আছে: পিকে

করোনা সঙ্কট কাটিয়ে মৌসুম শুরুর আগে স্প্যানিশ লা লিগায় পয়েন্ট তালিকার শীর্ষে ছিল বার্সেলোনা। আর কাতালান ক্লাবটির চেয়ে মাত্র ২ পয়েন্ট পিছিয়ে থেকে শিরোপার লড়াইয়ে দ্বিতীয় অবস্থানে ছিল রিয়াল মাদ্রিদ। দুই দলের সামনে তাই করোনা পরবর্তী সময়ের ১১ ম্যাচ ছিল ফাইনালের মতো।

আর সে পথে হোঁচট খেয়েছে বার্সেলোনা। সেভিয়ার মাঠে গোলশূন্য ড্রয়ের পর সেল্টা ভিগোর মাঠেও পয়েন্ট হারিয়েছে দলটি। আর সে সুযোগে সব ম্যাচে জয় নিয়ে বার্সাকে টপকে শীর্ষে উঠে এসেছে রিয়াল। রোববার রাতে এস্পানিওলকে হারিয়ে ২ পয়েন্ট ব্যবধানেও এগিয়ে গেছে লস ব্লাঙ্কোসরা। তবে হাল না ছেড়ে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন দলটির ডিফেন্ডার জেরার্ড পিকে। জানিয়েছেন, লড়াই করে যাওয়া বার্সেলোনার ডিএনএ-তে আছে। আর তাই এখনও কিছু শেষ হয়ে যায়নি।

সেল্টার মাঠ থেকে শনিবার ২-২ ড্র করে ফিরেছে বার্সেলোনা। ম্যাচটিতে দুবার এগিয়ে থেকেও জয় নিজেদের দখলে নিতে পারেনি কাতালান ক্লাব। অপরদিকে রোববার রাতে ব্রাজিলিয়ান ডিফেন্ডার ক্যাসেমিরোর একমাত্র গোলে জিতে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। এদিকে বার্সার পয়েন্ট ৬৯।

তবে সমর্থকদের আশা হারাতে না করে রোববার এক টুইট বার্তায় বার্সার স্প্যানিশ ডিফেন্ডার পিকে লিখেন, ‘একটা কথা ভুলে গেলে চলবে না যে আমরা বার্সেলোনা এবং এখনও কিছু শেষ হয়ে যায়নি। শেষ পর্যন্ত লড়াই করে যাওয়া আমাদের ডিএনএ তে আছে। কঠিন সময়ে আমরা কখনোই ভেঙে পড়ি না। মঙ্গলবার আবারও আমরা স্বরূপে হাজির হবো।’

এদিকে আগামী মঙ্গলবার গুরুত্বপূর্ণ ম্যাচে ন্যূ ক্যাম্পে অ্যাথলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। এই ম্যাচে পয়েন্ট খোয়ালে শিরোপা দৌড় থেকে দারুণভাবে ছিটকে পড়বে কাতালান এই ক্লাবটি। জয় ছাড়া তাই অন্য বিকল্প নেই তাদের সামনে।


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়