অলিম্পিক গেমসের আদ্যোপান্ত
আমিনুল || রাইজিংবিডি.কম
অলিম্পিকের লোগো
ক্রীড়া ডেস্ক : ৭৭৬ খৃষ্টপূর্বাব্দ থেকে শুরু করে ৩৯৩ খৃস্টাব্দ পর্যন্ত প্রায় ১২০০ বছর প্রাচীন গ্রীসের এলিসের অলিম্পিক ভিলেজে অলিম্পাস পাহাড়ের পাদদেশে দেবতা জিউসের উদ্দেশ্যে ৪ বছর পর পর অনুষ্ঠিত হত অলিম্পিক গেমস।
তার প্রয় ১৫০০ বছর পর ফরাসী শিক্ষাবিদ ব্যারন পিয়েরে ডি কুব্যার্তা প্রাচীন গ্রীসের সে ঐতিহ্যকে পুনর্জাগরিত করে আধুনিক অলিম্পিক গেমস অনুষ্ঠানের ব্যাপারে সচেষ্ট হন । কুবার্তার সক্রিয় প্রচেষ্টায় ১৮৯৪ সালে গঠিত হয় আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আর ১৮৯৬ সালে গ্রীসের রাজধানী এথেন্সে বসে আধুনিককালের প্রথম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস।
আধুনিক কালের বৃহত্তম খেলাধুলার আসর অলিম্পিক গেমস প্রতি ৪ বছর পর অনুষ্ঠিত হয়ে আসছে ১৮৯৬ সাল থেকে। এখন পৃথিবীর প্রায় প্রতিটি দেশ অংশ নিচ্ছে অলিম্পিক গেমসে। দিনকে দিন জনপ্রিয়তা বাড়ছে অলিম্পিকের। বাংলাদেশ ১৯৮৪ সালে প্রথম অলিম্পিক গেমসে অংশ নেয়।
অলিম্পিকের আয়োজক :
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC= International Olympic Committee) নির্বাচন করে থাকে আয়োজক শহরকে। অলিম্পিক গেমসের সম্ভাব্য বছরের ৭ বছর আগে এই নির্বাচন করা হয়।
২০১৩ সালে, ২০২০ সালের অনুষ্ঠিতব্য অলিম্পিক গেমসের আয়োজক শহরের নির্বাচন করা হয়েছে। এ পর্যন্ত অস্ট্রেলিয়ার সিডনী ছাড়া দক্ষিণ গোলার্ধের কোন শহরে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়নি।
আর মহাদেশ হিসেব করলে আফ্রিকা, দক্ষিণ আমেরিকা এবং এন্টার্কটিকা মহাদেশে এখনো অলিম্পিক গেমসের আয়োজন হয়নি। তবে এবার অলিম্পিক গেমসের আসর বসবে দক্ষিণ আমেরিকার ব্রাজিলে রিও ডি জেনিরো শহরে। অনান্য ক্রীড়া প্রতিযোগিতায় দেশের নাম বিবেচনা করা হলেও অলিম্পিকের ক্ষেত্রে শহরকেই বিবেচনা করা হয়ে থাকে।
যেমন গত ফুটবল বিশ্বকাপের আসর বসেছিল ব্রাজিলে। কিন্তু এবার অলিম্পিকের আসর বসছে রিও ডি জেনিরো শহরে। অলিম্পিক গেমসের এ নিয়ম এসেছে প্রাচীন গ্রীসের অলিম্পিক থেকে। যেখানে ক্রীড়া প্রতিযোগিতা হত নগর-রাষ্ট্রগুলোর মধ্যে।
অলিম্পিক গেমসের প্রকারভেদ :
সাধারণভাবে অলিম্পিক গেমস বলতে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসকে বোঝানো হলেও ১৯২৪ সাল থেকে শীতকালীন অলিম্পিক গেমসের প্রচলন হয়। শীতকালীন এবং গ্রীষ্মকালীন অলিম্পিক একই বছর অনুষ্ঠান শুরু হলেও ১৯৯২ সালে এসে শীত এবং গ্রীষ্ম অলিম্পিক ২ বছর পর পর অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে শীতকালীন অলিম্পিক ১৯৯২ সালের পর ১৯৯৪ সালে পুনরায় অনুষ্ঠিত হয়। প্রতিবন্ধীদের জন্য বিশেষ অলিম্পিক গেমস বা ‘প্যারা অলিম্পিক গেমস’ অনুষ্ঠিত হয়ে আসছে ১৯৬০ সাল থেকে। অলিম্পিক গেমসের আয়োজক শহর গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের পর পরই প্যারালিম্পিক গেমসের আয়োজন করে থাকে। তরুণ বয়সীদের জন্য ‘ইয়ুথ অলিম্পিক গেমস’ প্রথম অনুষ্ঠিত হয় সিঙ্গাপুরে, ২০১০ সালে ।
অলিম্পিক গেমসে নারীর অংশগ্রহণ :
১৯০০ সালে প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় অলিম্পিক গেমসে প্রথম মহিলাদের অংশগ্রহণ শুরু হয়।
অলিম্পিক গেমস এবং স্পন্সরশিপ :
অলিম্পিক গেমসকে ব্যবসার উর্ধ্বে রাখার উদ্দেশ্যে কোন কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠানকে অলিম্পিকের অংশীদারিত্ব বা স্পন্সর করার অনুমতি দেওয়া হয়নি। পেশাদার খেলোয়াড়দের অলিম্পিক গেমসে অংশগ্রহণ ১৯৯২ সাল পর্যন্ত নিষিদ্ধ ছিল। এখন বক্সিং এবং কুস্তি ছাড়া অন্য সব অলিম্পিক ইভেন্টেই পেশাদার খেলোয়াড়রা অংশ নিতে পারেন। ১৯৮০ সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট হুয়ান আন্তোনিও সামারাঞ্চের সময় থেকে অলিম্পিকে বিভিন্ন কোম্পানির প্রচার এবং অংশীদারিত্ব বা স্পন্সরশিপ শুরু হয়। ১৯৩৬ সালের বার্লিন অলিম্পিক গেমস ছিল প্রথম টেলিভিশনে সম্প্রচার করা অলিম্পিক গেমস।
তথ্যসূত্র : সংগৃহীত
রাইজিংবিডি/ঢাকা/৩০ জুলাই ২০১৬/আমিনুল
রাইজিংবিডি.কম
পর্যায়ক্রমে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী