প্রতিপক্ষকে উড়িয়ে শিরোপা উদযাপনে বুন্দেসলিগা শেষ করলো বায়ার্ন
তিন ম্যাচ আগেই চলতি জার্মান বুন্দেসলিগার শিরোপা নিশ্চিত হয়েছিল বায়ার্ন মিউনিখের। আজ চলতি মৌসুমের শেষ ম্যাচও খেলতে মাঠে নামে দলটি। আর লিগে নিজেদের শেষ ম্যাচে প্রতিপক্ষ ভলফসবুর্গের মাঠে স্বাগতিকদের ৪-০ গোলে হারিয়েছে টানা আটবারের জার্মান চ্যাম্পিয়নরা। এদিন ম্যাচ শেষে দর্শকশূন্য স্টেডিয়ামে দলটির হাতে শিরোপা তুলে দেওয়া হয়।
এদিনও গোল পেয়েছেন দলটির পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি। এ নিয়ে চলতি লিগে ৩৪ গোল হলো এই পোলিশ স্ট্রাইকারের। এদিকে লেভানডোভস্কি ছাড়াও গোলের দেখা পেয়েছেন থমাস মুলার, কিংসলে কোমান ও মিকায়েল কুইজনেস। এই ম্যাচে চার গোলের সুবাদে চলতি লিগে বায়ার্ন ঠিক ১০০ গোল নিয়ে শেষ করলো।
ভলফসবুর্গের মাঠে ম্যাচের চতুর্থ মিনিটেই বায়ার্নকে এগিয়ে দেন ফরাসি মিডফিল্ডার কোমান। প্রথমার্ধে আরও এক গোল করে বাভারিয়ানরা। ম্যাচের ৩৭ মিনিটে অসাধারণ এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন কুইজনস।
পরের গোল আসে ম্যাচে ৭২ মিনিটের সময় ৩১ বছর বয়সী পোলিশ স্ট্রাইকার লেভানডোভস্কির পাস থেকে। কুইজনস প্রতিপক্ষের ডিবক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজায় রেফারি। সেখান থেকে সফল স্পট-কিকে স্কোরলাইন ৩-০ করেন লেভানডোভস্কি।
ম্যাচের শেষ গোল করেন জার্মান স্ট্রাইকার মুলার। ম্যাচের ৭৯ মিনিটে ডি বক্সের মধ্যে বল পেয়ে জোরালো শটে গোলের হালি পূর্ণ করেন মুলার।
এই জয়ে ৩৪ ম্যাচে ২৬ জয় ও চার ড্রয়ে ৮২ পয়েন্ট অর্জন করেছে রেকর্ড ৩০ বারের চ্যাম্পিয়নরা। এদিকে নিজেদের শেষ ম্যাচে হফেনহামের মাঠে ৪-০ গোলে হেরে ৬৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করলো বরুশিয়া ডর্টমুন্ড।
ঢাকা/কামরুল
রাইজিংবিডি.কম